সারিয়াকান্দির একটি কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে একটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন দুজন মেয়র পদপ্রার্থী। গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে তাঁরা পৃথক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল হামিদ সরদার অভিযোগ করেন, ৩ নম্বর ওয়ার্ডের ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৭৩ জন ভোটারের মধ্যে এক হাজার ভোট দিয়েছেন। ফলাফলে বৈধ ভোট দেখানো হয়েছে ৫২৮টি। তাঁর মাইক প্রতীকের ৪৭২টি বৈধ ভোট সরিয়ে ফেলে প্রিসাইডিং কর্মকর্তার সই ও সিলবিহীন ৪৭২টি অবৈধ ব্যালট পেপার ঢুকিয়া দেওয়া হয়েছে। পরে ফলাফল স্থগিত রাখাসহ পুনর্নির্বাচনের আবেদন করা হলেও রাতেই ফলাফল ঘোষণা করা হয়েছে। অপর এক সংবাদ সম্মেলনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল ওয়ারেছ একই ধরনের অভিযোগ তুলে ধরে ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানান। উপজেলা রিটানিং কর্মকর্তা ও সারিয়ারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ সাহা সব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনী আইন মেনেই ফলাফল ঘোষণা করা হয়েছে। আর ওই কেন্দ্রের এই সমস্যা নিয়ে নির্বাচন কমিশনের সহকারী সচিবের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁর কাছে অভিযোগ দেওয়া হলেও ফলাফল বাতিল করার ক্ষমতা তাঁর নেই।