সারিয়াকান্দির চরে ‘লাঠিয়াল’ আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিদস্যুদের লাঠিয়াল বাহিনীর ভয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর মধ্যে পশ্চিম ধারাবর্ষার চরে বসবাসকারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।চরের বাসিন্দা আবদুল মণ্ডল বলেন, ‘বাপ-দাদার জমিতে বসত করতে পারমু না এটা কেমন কথা। আমরা লাঠিয়াল বাহিনীর ভয়ে এখন নিজেদের জমিতে যেতে পারছি না। চাষাবাদ করতে পারছি না।’ একই ধরনের কথা বলেন আবেদ আলী মণ্ডল, নওশের মণ্ডলসহ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলা সদর থেকে ২০-২২ কিলোমিটার দক্ষিণে বোহাইল ইউনিয়নের দুর্গম চর পশ্চিম ধারাবর্ষা। যমুনা নদীবেষ্টিত এই চরে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। ইঞ্জিনচালিত নৌকায় ধারাবর্ষায় যেতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। এই চরে বসবাস করে অর্ধশতাধিক পরিবার। তাদের সেখান থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করছে পাশের মাদারগঞ্জ উপজেলার ভূমিদস্যুরা। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, চরের বেশির ভাগ জমি অনাবাদি পড়ে রয়েছে। অল্প কিছু জমিতে মরিচ, পিঁয়াজ, কাউন, চীনাসহ বিভিন্ন ফসল চাষ করা হয়েছে। প্রায় ৫০টির মতো পরিবার বাড়ি করে সেখানে বসবাস করছে। এ সময় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের মার্চ-এপ্রিল মাসে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রভাবশালী ভূমিদস্যুরা চরটি দখলে নিতে কয়েক দফা লাঠিয়াল বাহিনী নিয়ে এসে সেখানে বসবাসরত ব্যক্তিদের ঘরবাড়ি নিয়ে চলে যেতে বলেছে। অন্যথায় তাদের ঘরবাড়ি লুটপাট করার পর পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে। ইতিপূর্বে বিভিন্ন সময় দুই জেলার সীমান্তবর্তী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত ২১ এপ্রিল নৌকাযোগে তিন শতাধিক লাঠিয়াল অস্ত্রশস্ত্রসহ এসে চরের বাসিন্দাদের জমি চাষাবাদ না করার নির্দেশ দিয়ে চলে যায়। এরপর থেকে এ চরে বসবাসরত লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছে। ফসল বোনার সময় পার হয়ে গেলেও সেখানে বসবাসরত ব্যক্তিরা জমি চাষাবাদ করার সাহস পাচ্ছেন না। বোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, মাদারগঞ্জের প্রভাবশালী ভূমিদস্যুরা অহরহ পশ্চিম ধারাবর্ষা চরে এসে সেখানে বসবাসরত ব্যক্তিদের উচ্ছেদের হুমকি দিচ্ছে। অনেক চেষ্টা করেও এ সমস্যার সমাধান করতে পারিনি।’সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ জিল্লুর রহমান খান বলেন, ‘উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সোমবারের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করতে পারলে ভালো। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’