সারিয়াকান্দির মেয়রকে এবার অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার মেয়র ও সম্প্রতি দল থেকে অব্যাহতি দেওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীকে এবার সারিয়াকান্দিতে অবাঞ্ছিত ঘোষণা করলেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নানের অনুসারী নেতা-কর্মীরা।
অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলা সদরে ঝাড়ুমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে আলমগীর শাহীকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
উপজেলা আওয়ামী লীগের দুজন নেতা বলেন, গত রোববার সন্ধ্যায় বগুড়া শহরে দুর্বৃত্তদের হামলায় আহত হন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহিদুল ইসলাম। বর্তমানে তিনি বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। ওই হামলার পর সোমবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ মিছিল থেকে অভিযোগ আনা হয়, জাহিদুলের ওপর হামলাকারীরা পৌর মেয়রের লোক।
ওই হামলার প্রতিবাদে ও পৌর মেয়রের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে গতকাল বেলা সাড়ে ১১টায় সারিয়াকান্দি পৌর শহরে ঝাড়ুমিছিল বের করা হয়। ঝাড়ুমিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে দলীয় নেতারা বলেন, জাহিদুল ইসলামের ওপর হামলাকারীরা মেয়র আলমগীর শাহীর লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর সদস্য। তা ছাড়া, দলীয় নেতা-কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছেন পৌর মেয়র। এসব কারণে পৌর মেয়র আলমগীর শাহীকে সারিয়াকান্দিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
জানতে চাইলে মতিউর রহমান বলেন, সাংসদ আবদুল মান্নান আলমগীর শাহীকে বিশ্বাস করে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি দলকে ডুবিয়েছেন। দলের নাম ভাঙিয়ে এত দিন নানা দুর্নীতি-অনিয়ম-স্বেচ্ছাচারিতা এবং দলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন।
আলমগীর শাহী বলেন, পৌরবাসী বিপুল ভোটে তাঁকে মেয়র নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়ন ও পৌরবাসীর সেবার জন্য সব সময় তিনি তাঁদের পাশে থেকেছেন। এখন ক্ষমতার দাপট দেখিয়ে জনগণের কাছ থেকে তাঁকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র হচ্ছে। এর আগে গত রোববার নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আলমগীর শাহী।