সারীর জলে হাত রেখে নদী রক্ষার শপথ
‘নদী আমাদের জীবন। নদীর ক্ষতি করা জীবনের ক্ষতিরই শামিল। নদী ছাড়া জীবন চলে না। তাই নদীর সঙ্গে আমরা দুর্ব্যবহার করব না। তাহলে নদী জীবনভর বন্ধু হয়ে থাকবে।’গতকাল বিকেলে সিলেটের প্রধান সীমান্ত নদী জৈন্তাপুরের সারী নদীর পানিতে হাত রেখে এভাবেই নদী রক্ষার শপথ নিয়েছেন নদীতীরের বাসিন্দারা। আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে জৈন্তাপুরের সারীঘাট ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সারী নদী বাঁচাও আন্দোলন। বিকেল চারটায় সারী নদীর তীরে শপথ নেওয়া কর্মসূচির প্রচারণায় সারীর উজানে জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ নির্মাণের প্রতিবাদ জানানো হয়। ভারতের মেঘালয়ে সারীর উৎসমুখে জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ হওয়ায় ভবিষ্যৎ আশঙ্কার কথা সর্বসাধারণকে জানাতে নদী রক্ষা দিবসে ‘নদী ছুঁইয়ে নদী রক্ষার শপথ’ কর্মসূচির পরিপ্রেক্ষিত সম্পর্কে বলা হয়, সিলেট বিভাগের চার জেলায় ২৭টি নদী। সব নদীর উৎস বিভিন্ন শাখা-প্রশাখার মাধ্যমে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা। উজানে বাঁধ দেওয়ার তৎপরতায় এসব নদী বিপন্ন হওয়ার দশা। নদীকে নদীর মতো করে রাখতে শপথের মাধ্যমে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা পর্বের পরপরই সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সাবেক সভাপতি ফারুক আহমদ সারী নদীতীরের অর্ধশতাধিক বাসিন্দাকে নিয়ে নদীর পানিতে হাত রেখে শপথবাক্য পাঠ করান। সারী বাঁচাও আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রবীণ লেখক-সাংবাদিক বশির আহমদ, বাপার আবদুল করিম, তায়েফ আহমদ চৌধুরী, জৈন্তাপুরের নিয়াজ উদ্দিন, ফারুক আহমদ, আতাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।সংহতি স্বাক্ষর: বেলা সাড়ে ১১টায় সিলেট বিভাগের ২৭টি নদীর নাম সংবলিত ব্যানারে নদী রক্ষার সংহতি স্বাক্ষর সংগ্রহ করা হয়। বাপার আয়োজনে সংহতি স্বাক্ষর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাপা সিলেটের সভাপতি ছদরুদ্দিন আহমদ চৌধুরী। বাপার সাধারণ সম্পাদক আবদুল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই সংহতি ব্যানারে সিলেটে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জহিরুল হক, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী ও পেশার নদীসচেতন মানুষ স্বাক্ষর করে। ‘নো টু টিপাইমুখ ড্যাম’ স্বেচ্ছাসেবী সংস্থা অঙ্গীকার বাংলাদেশ আয়োজিত নদী রক্ষার শপথ অনুষ্ঠানে টিপাইমুখ বাঁধ বন্ধ রাখার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে গতকাল দুপুরে সুরমা নদীতীরে ‘নো টু টিপাইমুখ ড্যাম’ ব্যানারে শপথ গ্রহণ করা হয়। শপথবাক্য পাঠ করান শিক্ষাবিদ ছদরুদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, কবি শুভেন্দু ইমাম, নারী উদ্যোক্তা সেলিমা সুলতানা, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর উপস্থিত ছিলেন। অঙ্গীকার বাংলাদেশের পরিচালক মইনুদ্দিন আহমদ শপথনামা ফ্রান্সে আন্তর্জাতিক নদী সম্মেলনে পাঠানোর ঘোষণা দেন।