সারে ভর্তুকি অব্যাহত থাকবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু
আমির হোসেন আমু

সরকার খাদ্যনিরাপত্তার স্বার্থে কৃষি খাতে ভর্তুকির বিষয়টি বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাতীয় স্বার্থে সারে ভর্তুকি দেওয়ার সরকারি উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ শনিবার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত জাতীয় সার ডিলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন। রাজধানীর ঢাকা অফিসার্স ক্লাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, সরকার খাদ্যনিরাপত্তার স্বার্থে কৃষি খাতে ভর্তুকির বিষয়টি বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে প্রতি কেজি ইউরিয়ায় ২৪, টিএসপিতে ১৮, ডিএপিতে ১৮ ও এমওপি সারে ২৫ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে।
আমির হোসেন আমু বলেন, সরকারের নেওয়া পদক্ষেপের কারণে গত ছয় বছরে দেশের কোথাও সারের কোনো ধরনের সংকট হয়নি। চাষিরা একসময় সারের পেছনে ছুটতেন। সারের জন্য কৃষকদের জীবনও দিতে হয়েছে। অথচ ছয় বছর ধরে সারই কৃষকের পেছনে ছুটেছে।
সারের মতো স্পর্শকাতর কৃষি উপকরণের কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো মহল যাতে দাম বাড়াতে না পারে, সে বিষয়ে সব সময় সতর্ক থাকতে ডিলারদের প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী।

বিএফএর চেয়ারম্যান ও সাংসদ কামরুল আশরাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের পরিচালক ও সাংসদ শওকত চৌধুরী, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।