সারে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নতুন কারখানা করা হবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, খাদ্যের মতো সার উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার দেশে নতুন নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দেশে সার উত্পাদনের ফলে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। সারে ভর্তুকি দেওয়ায় বাংলাদেশ এখন খাদ্যে প্রায়ই স্বয়ংসম্পূর্ণ। গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বীজ ও সার সংরক্ষণ কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।সার কারখানায় নিরবচ্ছিন্ন উত্পাদনের পক্ষে যুক্তি দেখিয়ে শিল্পমন্ত্রী বলেন, সার উত্পাদন করতে হলে অনেক রাসায়নিক পদার্থের সংমিশ্রণ প্রয়োজন হয়। এ জন্য একবার কারখানা বন্ধ করে আবার চালু করলে অনেক সমস্যা হয়। এভাবে বারবার বন্ধ ও চালু করতে গেলে কারখানাগুলোর স্থায়িত্ব কমে যায়। অথচ একটি কারখানা স্থাপন করতে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয়। তাই জাতীয় স্বার্থেই সার কারখানাগুলো চালু এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ জরুরি। তিনি বলেন, বোরো মৌসুম সামনে, এখন দেশে চাহিদার চেয়ে উদ্বৃত্ত সার আছে। বৈঠকে সরকারি কর্মকর্তারা বলেন, বর্তমানে চট্টগ্রামে সার সরবরাহে কোনো সমস্যা নেই। তবে কয়েকজন জনপ্রতিনিধি ও ব্যবসায়ী চট্টগ্রাম থেকে সার চোরাচালানের অভিযোগ করেন। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান অভিযোগ করেন, ‘চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ঘিরে ১২ জন চোরাকারবারীর একটি সিন্ডিকেট সক্রিয়। সার চোরাচালান বন্ধ করতে না পারলে কৃষকের সার কোথায় চলে যাবে—আমরা তা চিন্তাও করতে পারি না।’বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খান অভিযোগ করেন, কারখানা থেকে জেটি পর্যন্ত সার পরিবহনের দায়িত্বে থাকা সাউথ ট্রেডিং পরিবহন খরচ দ্বিগুণ দাবি করছে, ফলে ডিলাররা সার কিনতে আগ্রহী হচ্ছে না। জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সার চোরাচালানের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আর কেউ ইচ্ছেমতো পরিবহন বিল বাড়াতে পারবে না।চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিসিআইসির পরিচালক (বিপণন) খুরশিদ আনোয়ার, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. হালিমুজ্জামান ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক।