সারের কৃত্রিম সংকট সৃষ্টি?
আমনের ভরা মৌসুমে জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় অসাধু সারের ডিলার ও খুচরা বিক্রেতারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে ইউরিয়া বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সারের ডিলার ও খুচরা বিক্রেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিভিন্ন গ্রামের ১০-১২ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, যমুনা কোম্পানির ইউরিয়ার চাহিদা বেশি। যমুনা কোম্পানির ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়ার সরকারি দাম ৮০০ টাকা। কিন্তু চাহিদা বেশি থাকায় প্রতি বস্তা ইউরিয়া ৮৭০ টাকা থেকে ৯২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চীন থেকে আনা ৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া ৮৩০ থেকে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের কৃষক নারায়ণ চন্দ্র বলেন, ‘আমি কয়েক দিন আগে কড়িয়া বাজার থেকে যমুনা সার কোম্পানির এক বস্তা ইউরিয়া ৯২০ টাকায় কিনেছি।’ সদর উপজেলার সাহাপুর গ্রামের কৃষক আবদুর রশিদ তাঁর পাশের গ্রাম জগদীশপুর থেকে একজন খুচরা সার বিক্রেতার কাছ থেকে ৯০০ টাকায় এক বস্তা সার কিনেছেন। সদর উপজেলার কোমর গ্রামের ক্ষুদ্র কৃষক আবদুল মোত্তালেব জানান, তিনি ৪০ শতক জমিতে আমন চাষ করেছেন। গত রোববার হিচমী বাজার থেকে ১০ কেজি সার ১৭০ টাকা দামে কিনেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জয়পুরহাট জেলায় চলতি মৌসুমে ৭১ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। চলতি আমন মৌসুমের জন্য ১১ হাজার ৪১৭ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ ছিল। গত বুধবার পর্যন্ত জেলায় ডিলার ও বাফার গুদামে এক হাজার ৬৮৫ মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে।
জেলার রাসায়নিক সার ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা বলেন, ‘অনেক জায়গায় খুচরা ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন—এমন খবর আমাদের কানেও এসেছে। যমুনা সারের চাহিদা বেশি, কিন্তু বরাদ্দ কম। এ সুযোগে অনুমোদনহীন কিছু অসাধু খুচরা ব্যবসায়ী গোপনে অন্য জায়গা থেকে সার কিনে এনে বেশি দামে বিক্রি করতে পারেন। তবে কোনো ডিলার বেশি দামে সার বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’
সদর উপজেলার খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক সুজন কুমার মণ্ডল বলেন, ‘আমরা ডিলারের কাছ থেকে চাহিদা মতো সার পাচ্ছি না। এ কারণে এলাকার কৃষকদের চাহিদামতো সার সরবরাহ করা যাচ্ছে না। তবে কেউ বেশি দামে সার বিক্রি করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ তিনি অভিযোগ করেন, বিসিআইসির ডিলাররা সরকারের নির্ধারিত ৭৭০ টাকা বস্তার স্থলে খুচরা বিক্রেতাদের কাছ থেকে ৮০০ টাকা করে নিচ্ছেন।
সদরের সার ডিলার আবদুল মান্নান বলেন, ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ সত্য নয়। তবে যমুনা কোম্পানির সারের চাহিদা বেশি থাকায় হয়তো গোপনে কোনো খুচরা ব্যবসায়ী অন্য জায়গা থেকে সার সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে থাকতে পারেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ জেড এম সাব্বির ইবনে জাহান বলেন, ‘কোথাও বেশি দামে সার বিক্রির অভিযোগ আমাদের কাছে নেই। জেলায় সারের কোনো সংকটও নেই। কেউ বেশি দামে সার বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’