সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে 'ব্যবসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে। হরতাল ও অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় এলাকায় সার আনা যাচ্ছে না বলে ডিলাররা দাবি করছেন। কিন্তু তাঁরা সার এনে বাইরে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন খুচনা বিক্রেতা ও কৃষক।
কৃষক ও খুচরা বিক্রেতাদের সূত্রে জানা গেছে, কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী বেড়ার ১৪ জন ও সাঁথিয়ার ১১ জন ডিলার ইউরিয়া সার গুদাম থেকে তোলেন। শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী বাফার স্টকের গুদাম ও জামালপুরের তারাকান্দির (যমুনা সার কারখানা) গুদাম থেকে সার তোলা হয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মাসে বেড়ায় ৪০০ টন ও সাঁথিয়ায় ৯০০ টন ইউরিয়া বরাদ্দ করা হয়। এই সারের অর্ধেক বাঘাবাড়ী ও অর্ধেক তারাকান্দি থেকে তোলার কথা। গতকাল শুক্রবার পর্যন্ত বেড়ার ডিলাররা ২৭১ টন ও সাঁথিয়ায় ডিলাররা ৪৮০ টন সার তুলেছেন। বাঘাবাড়ী নিরাপদ ও নিকটবর্তী স্থানে হওয়ায় সেখান থেকে চলতি মাসের বরাদ্দে প্রায় সব সারই তোলা হয়েছে।
দুই উপজেলার বিভিন্ন বাজার ঘুরে সারের সংকট দেখা গেছে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, বেড়া ও সাঁথিয়ায় সার সংকটের পেছনে ডিলারদের হাত রয়েছে। তাঁরা পরিবহন সংকটের অজুহাতে সার না তোলার কথা বলে খুচরা বিক্রেতাদের কম সার সরবরাহ করে বাইরে বেশি দামে বিক্রি করছেন।
একাধিক বিক্রেতা জানান, ডিলারদের কাছে পাওয়া না গেলেও কিছু সার ব্যবসায়ীর কাছে ইউরিয়া সার পাওয়া যাচ্ছে। তাঁরা প্রতি বস্তা (৫০ কেজি) সার খুচরা বিক্রেতাদের কাছে ৮৮০ থেকে ৯০০ টাকায় বিক্রি করছেন। সেই সার খুচরা বিক্রেতারা ৯৫০ থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি করছেন।
বেড়ার হাটুরিয়া বাজারে সারের দোকান রয়েছে তিনটি। গত বৃহস্পতিবার এসব দোকানে অন্যান্য সার পাওয়া গেলেও মাত্র তিন বস্তা ইউরিয়া পাওয়া যায়। সার না পেয়ে কৃষকদের খালি হাতে ফিরতে দেখা যায়। জগন্নাথপুর গ্রামের কৃষক আজগার আলী বলেন, ‘তিন-চার দিন ধইর‌্যা সারের জন্নে ঘুরত্যাছি। কিন্তু এরা (ব্যবসায়ীরা) কয় সার নাই।’
সাঁথিয়ার চরভদ্রকোলা গ্রামের কৃষক হেলালউদ্দিন বলেন, ‘তিন দিন আগে এক হাজার টাকা দরে দুই বস্তা সার কিনছিল্যাম। আইজ এক বস্তা সার কিনতি বনগ্রাম হাটে যায়া সারই পাই নাই।’
বেড়া উপজেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী জানান, সরকার-নির্ধারিত দামেই ব্যবসায়ীরা কৃষকদের কাছে সার বিক্রি করছেন। হরতাল ও অবরোধের কারণে সারের সংকট দেখা দিয়েছে।