গতকাল কর্মকর্তাদের কর্মবিরতি, আজ মানববন্ধন
সারের ডিলার নিয়োগ নিয়ে রংপুরে প্রশাসন-জনপ্রতিনিধি মুখোমুখি
রংপুর সদর উপজেলায় সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিরোধ দেখা দিয়েছে। চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তাদের পাল্টাপাল্টি অভিযোগ আর পৃথক কর্মসূচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজমকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেন। এতে উপজেলা প্রশাসনের সব বিভাগ গতকাল কার্যত অচল হয়ে পড়ে। কর্মকর্তারা আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এদিকে উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের নেতৃত্বে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে গত শনিবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, সদর উপজেলায় খুচরা সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে। তারাও উপজেলা প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে পাল্টা মানববন্ধন কর্মসূচিসহ সমাবেশ করার ঘোষণা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে যেসব ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী তাঁরা খুচরা সার বিক্রেতা হতে পারবেন না। কিন্তু মামলা আছে, এমন কিছু লোকের নামও এবারের খুচরা সার বিক্রেতার তালিকায় দেখা গেছে। এ ছাড়াও যাঁরা প্রকৃত সার ব্যবসায়ী তাঁদের নাম তালিকায় না আসায় ক্ষুব্ধ লোকজন গত ২৭ জানুয়ারি উপজেলা কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করে। এর আগের দিন রাতে সদর উপজেলার ১০৮ জন খুচরা সার বিক্রেতার নামের তালিকা টাঙানো হয়। উপজেলা সার মনিটরিং কমিটির সদস্য-সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যানের সামনেই আমাকে লাঞ্ছিত করা হয়েছে।’ কৃষি কর্মকর্তা এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান মাসুদ নবীকে দোষারোপ করেছেন। মামলা রয়েছে, এমন ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা স্বীকার করে আলী আজম বলেন, ‘এ ব্যাপারে ওপর মহলের সুপারিশ রয়েছে।’ তবে ওপর মহলের ব্যক্তিদের নাম জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়াম্যান মাসুদ নবী বলেন, ‘তাঁকে কারা লাঞ্ছিত করেছে তা আমি জানি না। তবে উনি (কৃষি কর্মকর্তা) তদন্ত ছাড়াই উেকাচের বিনিময়ে সার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সার ব্যবসায়ীদের তালিকা করেছেন। এ জন্যই জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সার মনিটরিং কমিটির সভাপতি মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কৃষি কর্মকর্তা যেদিন লাঞ্ছনার শিকার হয়েছেন সেদিন আমি ছুটিতে ছিলাম। তবে ঘটানটি সত্য।’ তিনি আরও বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা সত্য নয়। আর কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় বাধ্য হয়ে আমরা কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি পালন করছি।’ উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘অসাধু উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজমের বিরুদ্ধে আমরাও হাজার হাজার মানুষ নিয়ে মানববন্ধন, সমাবেশ করব।’