সারের দাবিতে আলুখেতে কৃষকের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে ন্যায্যমূল্যে সার সরবরাহের দাবিতে গতকাল বৃহস্পতিবার কৃষকেরা আলুখেতে মানববন্ধন করেছেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

কৃষকদের অভিযোগ, পরিবেশকদের কাছ থেকে প্রয়োজনীয় সার না পেয়ে আলু রোপণের ভরা মৌসুমে কৃষকদের বাইরে থেকে চড়া দামে সার কিনতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষকেরা ন্যায্যমূলে সার সরবরাহের দাবিতে গতকাল বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তানোর উপজেলার জিওল-চাঁদপুর আলুখেতের পাশে মানববন্ধন করেন। একই দাবিতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। এর অনুলিপি রাজশাহীর জেলা প্রশাসক, কৃষিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা কৃষি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
মানববন্ধনে কৃষক কালচার একাডেমির সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, চলতি রবি মৌসুমে বিপুল পরিমাণ জমিতে আলু, সরিষা, গমসহ বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। এ জন্য তাঁরা প্রয়োজনীয় ইউরিয়া, পটাশ (এমওপি) ও ডিএপি সার ন্যায্যমূল্যে পাচ্ছেন না। এই মৌসুমের আবাদ নিয়ে তাঁরা বেকায়দায় পড়েছেন। দুলাল হোসেন আরও বলেন, কৃষকেরা যখন সারের জন্য পাগলের মতো ছোটাছুটি করছেন, তখন স্থানীয় কৃষি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সারের পরিবেশকদের দ্বারা প্রভাবিত হয়ে কালোবাজারে সারের ব্যবসা অব্যাহত রেখেছেন। কৃষকের প্রয়োজনীয় সার বিসিআইসি ও বিএডিসির পরিবেশকদের কাছে না মিললেও বেশি দামে অবৈধ সার ব্যবসায়ীদের কাছে পাওয়া যাচ্ছে।
এ সময় কৃষক কালচার একাডেমির সভাপতি মহসিন আলী রেজার সভাপতিত্বে আরও বক্তব্য দেন তানোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মুনজুর রহমান, কৃষক সংগঠনের নেতা জামাল উদ্দিন, কৃষক সাবর আলী, জেলহজ্জ মণ্ডল, আবদুল গণি মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমিন জানান, তিনি স্মারকলিপি পেয়েছেন। তবে খোলাবাজারে সার বিক্রির অভিযোগ এর আগে তাঁর কাছে কেউ করেননি। অভিযোগ তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন।