সারের বস্তা পাল্টে প্রতারণা, যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর রবীন অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএপি সার ডিএপি কারগিল সারের বস্তায় ভরে বেশি দামে বিক্রি করার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর গুদামে থাকা ৪০৬ বস্তা সার জব্দ ও গুদামটি সিলগালা করা হয়।কৃষি কর্মকর্তারা জানান, চীনে তৈরি এক বস্তা (৫০ কেজির বস্তা) ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সারের দাম এক হাজার ১৭০ থেকে এক হাজার ১৮০ টাকা। আর চীনে তৈরি এক বস্তা ডিএপি কারগিল সারের দাম এক হাজার ৩০০ থেকে এক হাজার ৩১০ টাকা।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রবীন অধিকারী দীর্ঘদিন ধরে কম দামের সার বেশি দামের সারের বস্তায় ভরে বিক্রি করে আসছেন। বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন সহকারী কমিশনার (ভূমি) মোখলেছুর রহমান ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নওয়াপাড়া স্টেশনবাজারে তাঁর গুদামে যান। এ সময় ইউএনও রবীন অধিকারীকে তাঁর গুদামের তালা খুলে দিতে বললে তিনি তা দিতে অস্বীকার করেন এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ঘটনাস্থলে আসেন। তিনি তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন। একপর্যায়ে রবীন অধিকারীর লোকজন তাঁদেরকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। এরপর ওই লোকজন যশোর-খুলনা মহাসড়কের ওপর আড়াআড়িভাবে ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করেন। এতে সন্ধ্যা ছয়টা থেকে পৌনে সাতটা পর্যন্ত মহাসড়কটির ওই অংশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।এরপর কর্মকর্তারা তালা খুলে গুদামের মধ্যে বস্তা বদল করা ৪০৬ বস্তা ডিএপি সার পান। ওই সার জব্দ এবং গুদামটি সিলগালা কর হয়। এ ঘটনায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আমজাদ হোসেন বৃহস্পতিবার রাতেই রবীন অধিকারীসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন। পুলিশ ওই রাতেই তাঁকে গ্রেপ্তার করে।ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘আমাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। তর পরও আমরা অভিযান চালিয়ে সার জব্দ করেছি।’উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘অভিযান যাতে চালাতে না পারেন, সে জন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। ভেজালকারীরা ধরা পড়ছে। কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে আসছে। এ ব্যাপারে সবাই সচেতন না হলে সারের ভেজাল বন্ধ হবে না।’