সারের মজুত নিয়ে দুশ্চিন্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার মজুত বাড়ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত কারখানায় মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭১৫ মেট্রিক টন। এর মধ্যে ১৩ হাজার ৭৭০ মেট্রিক টন সার খোলা আকাশের নিচে রাখা হয়েছে। বিপুল পরিমাণ সার সংরক্ষণ করতে গিয়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।কারখানার বিক্রয় বিভাগ জানায়, প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিন টন ইউরিয়া উৎপাদিত হচ্ছে। ৬৫০ জন ডিলারের মাধ্যমে কমান্ড এলাকাভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সুমামগঞ্জ ও চাঁদপুরে সার সরবরাহ করা হয়। আগে বোরো মৌসুমে যথাসময়ে বরাদ্দ নিয়ে পরের বরাদ্দের জন্য ডিলাররা অপেক্ষায় থাকতেন। কিন্তু এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ভরা মৌসুমেও সার নিতে আগ্রহ দেখাচ্ছেন না ডিলাররা। কারখানার মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘১০ বছরের মধ্যে সার নিয়ে ডিলারদের এমন অনাগ্রহ দেখা যায়নি। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ায় মজুত বাড়ছে। এত মজুত নিয়ে দুশ্চিন্তায় আছি।’ বিক্রয় বিভাগ জানায়, জানুয়ারিতে ডিলারদের জন্য বরাদ্দ ছিল ৭১ হাজার মেট্রিক টন। ওই মাসে ডিলাররা নিয়েছেন মাত্র ৪০ হাজার মেট্রিক টন। গত বছরের ডিসেম্বর মাসেও বরাদ্দের সব সার সরবরাহ করা যায়নি। ফেব্রুয়ারি মাসে বরাদ্দ কমিয়ে ৪৫ হাজার ১২০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এই মাসেও ডিলারদের আগ্রহ কম দেখা যাচ্ছে। ডিলাররা মনে করছেন, সারের চাহিদা কমে যাওয়ার কারণ মূলত দুটি। প্রথমত, আশানুরূপ লাভ না পাওয়ায় কৃষকেরা ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। এ কারণে এবার বিপুল পরিমাণ জমি অনাবাদি রয়ে গেছে। দ্বিতীয়ত, বাজারে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়ার বিকল্প সার পাওয়া যাচ্ছে। বিকল্প সারের দাম কম হওয়ায় ইউরিয়ার প্রতি কৃষকের আগ্রহ কমছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কিশোরগঞ্জ শাখার সভাপতি নাদিরুজ্জামান ভূঁইয়া বলেন, গত মাসের সার এখনো বিক্রি শেষ হয়নি। এই মাসে বেশির ভাগ ডিলারই সার তুলতে চাইছেন না। বৃহস্পতিবার কারখানায় দিয়ে দেখা যায়, গুদামের বাইরে খোলা আকাশের নিচে বিপুল পরিমাণ সার ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিশোরগঞ্জের অষ্টগ্রামের ভাতশালা হাওরের কৃষক তোরাব আলী (৫২) বলেন, ‘কারেন্ট নাই। সেচে সমস্যা। এত সমস্যা টপকাইয়া ধান করার পর দাম না পাইলে লাভ কী? এর লাইগ্গা হুদা (শুধু) অষ্টগ্রামের হাজার হাজার একর খেত পইড়া আছে। চাষ না থাকলে সার দিয়া কী হইব?’ আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গুদামে স্থান না হওয়ায় বাইরে সার রাখতে হচ্ছে।