
র্যাবের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বলছে, সারোয়ার জাহান নব্য জেএমবির শীর্ষ নেতা নন, তিনি ছিলেন তৃতীয় সারির নেতা। পুলিশের এই বিশেষ ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গতকাল ব্রিফিংয়ে এ কথা বলেন।
এর আগে ২১ অক্টোবর র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সংবাদ সম্মেলন করে জানান, রাজধানীর আশুলিয়ায় অভিযানে নিহত ব্যক্তি সারোয়ার জাহান নব্য জেএমবির প্রধান। তাঁর সাংগঠনিক নাম শাইখ আবু ইব্রাহীম আল হানিফ। এ ছাড়া তিনি কখনো আবদুর রহমান, কখনো প্রকাশ আবার কখনো বাবু নামে নিজের পরিচয় দিতেন। ওই সংবাদ সম্মেলনে তামিম চৌধুরীর সঙ্গে সারোয়ার জাহানের খুদে বার্তার কিছু নমুনাও উপস্থাপন করেন র্যাবের মহাপরিচালক। তাঁর দাবি, গত ২৭ আগস্ট তামিম চৌধুরীকে ঘিরে ফেলার পর সারোয়ার জাহানের সঙ্গে খুদে বার্তা আদান-প্রদান করেন তামিম।
এর চার দিন পর গতকাল বুধবার র্যাবের মহাপরিচালকের ওই দাবি নাকচ করে দিয়ে মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও গণসংযোগ সেন্টারে বললেন, ‘তামিম তো আসলে নিউ জেএমবির লিডার হিসেবে তার ইমিডিয়েট পরের পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করত। আবদুর রহমান বা সারোয়ার জাহান যা-ই বলেন, সে যে পর্যায়ের নেতা, তার সঙ্গে (তামিমের) সরাসরি যোগাযোগ খুব কম হয়েছে। হয়তো কখনো কখনো মিটিংয়ে দেখা হতে পারে।’
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান গতকাল প্রথম আলোকে বলেন, সারোয়ার জাহানের বিষয়ে পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটাই সঠিক। কেননা এ ঘটনা তদন্তের দায়িত্ব হচ্ছে পুলিশের। র্যাব পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। সুতরাং পুলিশ সদর দপ্তরের বক্তব্যই বেশি গ্রহণযোগ্য।
জঙ্গি-সম্পর্কিত মামলায় তদন্তের কোনো পর্যায়ে সারোয়ার জাহানের নাম এসেছিল কি না, এমন প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘তিনি (সারোয়ার) মূলত তামিমের ডেপুটিদের (সহযোগীদের) পরের ধাপের। তদন্তে তা-ই জানা গেছে।’ তাহলে কি তিনি তৃতীয় সারির নেতা? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ‘আমাদের তদন্তে আমরা তা-ই পেয়েছি। সে নিউ জেএমবির প্রধান এমন কোনো তথ্য-প্রমাণ নেই। ডিএনএ টেস্ট করলে হয়তো জানা যাবে।’
নারায়ণগঞ্জে তামিম ও তাঁর সহযোগীদের ঘিরে ফেলার পর সারোয়ার জাহানের সঙ্গে খুদে বার্তা বিনিময় সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ‘কাউন্টার টেররিজমের প্রথম দলটি ভোর সোয়া ছয়টার দিকে তামিম ও তাঁর সহযোগীরা যে বাসায় ছিলেন সেটি ঘিরে ফেলেন। তার আগে অন্য কোনো বাহিনী বাড়িটি ঘিরে থাকতে পারে। কিন্তু পুলিশ তামিমকে ঘিরে ফেলার পর তামিম আর বাইরে যোগাযোগের খুব একটা সুযোগ পাননি। তবে তিনি তানভির কাদেরি ও মেজর (অব.) জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। সে-সম্পর্কিত কিছু তথ্য-প্রমাণ আমাদের হাতে আছে।’
নব্য জেএমবির সদস্যসংখ্যা এখন ২১ বলে র্যাব যে বক্তব্য দিয়েছে, সে সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নব্য জেএমবি এখন কারা পরিচালনা করছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘যারা নব্য জেএমবির দ্বিতীয় সারিতে ছিল, তাদের সবাইকে ধরতে পেরেছি এ কথা বলা ঠিক হবে না। কেউ কেউ নেতৃত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মারজান এখনো ধরা পড়েনি, আরও দু-একজন আছে, যাদের নাম আমরা তদন্তের স্বার্থে প্রকাশ করছি না।’ মনিরুল ইসলাম বলেন, পুরোনো জেএমবির কেউ কেউ নব্য জেএমবিতে যোগ দিলেও তাঁরা খুব বেশি গুরুত্বপূর্ণ পদে নেই।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতী মাহমুদ খান প্রথম আলোকে বলেন, সারোয়ার জাহান নব্য জেএমবির আমির ছিলেন। শুরা সদস্যরা কীভাবে তাঁকে নির্বাচিত করেছেন, তিনি কোথায় কীভাবে আর্থিক লেনদেন করেছেন—এ সবকিছুরই নথিপত্র উপস্থাপন করা হয়েছে। র্যাব যা বলেছে, সবই ডকুমেন্টের ভিত্তিতে।
সিজার তাবেলা হত্যার দায় প্রসঙ্গ
রাজধানীর গুলশানে নিহত ইতালীয় নাগরিক সিজার তাবেলার হত্যাকাণ্ডটি নব্য জেএমবি ঘটিয়েছে মর্মে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মনিরুল ইসলাম বলেন, ‘দেখুন, আমি সাক্ষাৎকার শুনিনি। আমি দেশের বাইরে ছিলাম। আমার ধারণা তিনি (বেনজীর আহমেদ) এ কথা বলেননি। দায়িত্বশীল ব্যক্তির বিচারাধীন কোনো মামলা সম্পর্কে মন্তব্য করার কথা না।’ তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ একটি পরীক্ষিত তদন্তকারী সংস্থা। ফৌজদারি তদন্ত পরিচালিত হয় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে। এটি কোনো ‘রচনাকর্ম’ বা ‘ক্রিয়েটিভ ওয়ার্ক’ নয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তদন্তের কাজটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে একদল পেশাদার তদন্তকারী কর্মকর্তা সম্পন্ন করেছেন। যাঁদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে, তাঁদের বিরুদ্ধে আসলে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিজ্ঞ আদালতও চার্জ গঠন করেছেন।’
মনিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের মূল আসামি এম এ কাইয়ূম দেশের বাইরে থাকায় গ্রেপ্তার করা যায়নি। তবে ওয়ারেন্ট জারি হয়েছে। দেশে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতী মাহমুদ খান প্রথম আলোকে বলেন, সিজার তাবেলা হত্যাকাণ্ড প্রসঙ্গে র্যাব যা বলেছে, তা নথিভিত্তিক।