রাজশাহী নগরের ব্যবসায়ী ও হক ইন্টারন্যাশনাল হোটেলের মালিক আমিনুল হক হত্যা মামলার আসামি ব্যবসায়ী সারোয়ার হোসেনের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বিকেলে ঢাকার মিরপুর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁকে রাজশাহী আনা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মো. শাহরিয়ার গতকাল প্রথম আলোকে বলেন, সারোয়ারের স্ত্রীকে গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকজন সদস্য নিয়ে তিনি গত চার দিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। গত বুধবার তাঁরা জানতে পারেন সারোয়ারের স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার প্রয়োজনে আত্মগোপন থেকে বাইরে আসবেন। ওই দিন ঢাকার সূত্রাপুর এলাকা থেকে তাঁকে অনুসরণ করে পরে মিরপুরে গ্রেপ্তার করা হয়। খান মো. শাহরিয়ার আরও বলেন, গ্রেপ্তারের পর সারোয়ারের স্ত্রী নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।আমিনুল হক গত ১০ এপ্রিল নিখোঁজ হন। ১২ এপ্রিল দিবাগত রাতে নগরের আলুপট্টি এলাকার একটি বাড়ি থেকে তাঁর নয় টুকরা লাশ উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী সারোয়ার হোসেন ও তাঁর কর্মচারী আবদুল হাকিমকে।