সার্ক অঞ্চলের সম্পদের যথাযথ ব্যবহার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক অঞ্চলের দেশগুলোর সার্বিক উন্নয়নে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ভিত্তিতে সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। সার্কের নবনিযুক্ত মহাসচিব অর্জুন বাহাদুর থাপা গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জলবিদ্যুৎ ও বন্দরসুবিধার মতো ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ভিত্তিতে সম্পদের ব্যবহার করা যেতে পারে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, সার্ক দেশগুলোর যে সম্পদ আছে, তারা তা ব্যবহার এবং নিজেদের পণ্য ও বাজার তৈরি করলে নিজেরাই নিজেদের ভাগ্য পাল্টাতে পারবে।
আঞ্চলিক সংযোগ প্রশ্নে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সব সময়ই এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আসছে।
সার্ক দেশগুলোর দারিদ্র্য বিমোচনকে প্রধান অগ্রাধিকার দেওয়া উচিত উল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ এলাকার দারিদ্র্য আরও কমিয়ে আনতে আমাদের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে।’ তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্যগাথা রয়েছে, সার্ক দেশগুলো তাদের বৃহত্তর স্বার্থে একে অপরের সঙ্গে তা বিনিময় করতে পারে।
প্রধানমন্ত্রী সার্কের নবনিযুক্ত মহাসচিবকে আট জাতির এই আঞ্চলিক সংস্থার দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। সার্ক মহাসচিব দারিদ্র্য বিমোচন, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানির মতো অগ্রাধিকারমূলক খাতগুলো চিহ্নিত করার জন্য সদস্য দেশগুলোর সমন্বিত প্রয়াসের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বের্নহার্ড ওয়াবেতজ গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দেশে সৌরভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে।