সার্ক অর্থমন্ত্রীদের দুদিনের বৈঠক ইসলামাবাদে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের দুই দিনের বৈঠক গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। বৈঠকে যোগ দিতে বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বুধবার ইসলামাবাদ পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল এ কথা জানিয়েছেন।
কূটনৈতিক সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় পাকিস্তান যেতে পারেননি। বৈঠকে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের অর্থমন্ত্রীরা। আর আফগানিস্তান থেকে অর্থ উপমন্ত্রী এবং ভারত থেকে অর্থসচিব নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন। সব মিলিয়ে বৈঠকে অংশ নিচ্ছেন আটটি দেশের প্রায় এক শ প্রতিনিধি।
অর্থমন্ত্রীদের বৈঠকের আগে অর্থসচিবেরা গতকাল এ অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সচিবদের বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব। সচিবদের বৈঠকে সার্ক দেশগুলোর অর্থসচিবেরা আজ অনুষ্ঠেয় অর্থমন্ত্রীদের বৈঠকের সুপারিশগুলো চূড়ান্ত করেন।
বৈঠকে অংশ নিতে যাওয়া দেশগুলোর কর্মকর্তারা গতকাল সার্কের কর্মকৌশলের আলোকে পারস্পরিক সহযোগিতা, দ্বৈত কর আদায় ঠেকানো, বিনিয়োগের সুরক্ষা এবং ব্যাংকিং খাত ও বাণিজ্যিক উদারীকরণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন।