মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম বলেছেন, সম্পদ ও কারিগরি সীমাবদ্ধতার পাশাপাশি সহযোগিতার অভাবে সার্ক অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারেনি। আঞ্চলিক সহযোগিতাকে অর্থবহ করতে হলে দক্ষিণ এশিয়ার নেতাদের বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হবে।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সার্কের অর্জন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন মামুন আবদুল গাইয়ুম। কাল বুধবার অনুষ্ঠেয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) চতুর্থ সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে তিনি ঢাকা সফর করছেন।সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে এর মূল্যায়ন কীভাবে করেন—প্রশ্নের উত্তরে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘যে স্বপ্ন নিয়ে সার্ক যাত্রা শুরু করেছিল, তা অর্জিত হয়নি। এর জন্য সম্পদ ও কারিগরি সীমাবদ্ধতার পাশাপাশি সহযোগিতার অভাবও দায়ী। তার মানে এই নয় যে সার্ক ব্যর্থ হয়েছে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতাকে গতিশীল করার দায়িত্বটা নেতাদেরই নিতে হবে।’দ্বীপদেশটিতে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বলতে গিয়ে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সব সময় বাংলাদেশের শ্রমিকদের স্বাগত জানাই। ইতিমধ্যে মালদ্বীপে বিদেশি শ্রমিকের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বিপুল এ জনগোষ্ঠী কিছুটা সামাজিক সমস্যা তৈরি করছে। এ প্রেক্ষাপটে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সমন্বয় সাধন করা হচ্ছে।’