দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক শাসন বিকশিত করতে আঞ্চলিক গণতন্ত্র সনদ অনুমোদনের সুপারিশ করেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পররাষ্ট্রসচিবেরা। থিম্পুতে সার্ক পররাষ্ট্রসচিবদের দুই দিনব্যাপী বৈঠক শেষে এ সুপারিশ করা হয়। তাঁদের সুপারিশ সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেতে পারে। আজ মঙ্গলবার থেকে মন্ত্রিপর্যায়ের বৈঠক শুরু হচ্ছে।গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্ক পররাষ্ট্রসচিবদের ফোরাম সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি দক্ষিণ এশিয়া ফোরাম গঠনের সুপারিশ করা হয়। এ ছাড়া দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিলের (এসডিএফ) আওতায় জনগণ সরাসরি সুফল পাবে, এমন কর্মসূচি নেওয়ার সুপারিশ করেন তাঁরা।ভুটানের পররাষ্ট্রসচিব দ পেনজোর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর পাশাপাশি দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর আওতায় দক্ষিণ এশিয়ায় সেবা বাণিজ্য দ্রুত কার্যকরের ওপর জোর দেন। তিনি বলেন, এই অঞ্চলের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সার্ক ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।গত এপ্রিলে থিম্পুতে অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের কতটা বাস্তবায়ন হয়েছে এবং ভবিষ্যতে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে সার্ক গণতন্ত্র সনদের খসড়া চূড়ান্ত হয়।সার্ক গণতন্ত্র সনদের মূল বক্তব্য হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন হতে হবে। গণতন্ত্র ব্যাহত করার প্রয়াসের বিরুদ্ধে ঐকবদ্ধ অবস্থান নেবে এ অঞ্চলের গণতান্ত্রিক সব শক্তি। আর কোনো দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ছেদ পড়লে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে ওই শক্তিগুলো সোচ্চার হবে। সনদ বাস্তবায়নে সদস্য দেশগুলো বেশ কিছু অঙ্গীকার করবে। অঙ্গীকার বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তাও সনদে থাকছে। গত বছরের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে গণতন্ত্র সুসংহত করতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়। সম্মেলন শেষে গণতন্ত্র সনদের খসড়া তৈরির পাশাপাশি বিষয়টি চূড়ান্ত করতে বৈঠক অনুষ্ঠানের দায়িত্ব বাংলাদেশকে দেওয়া হয়।