দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র সুসংহত করার প্রয়াসে গণতন্ত্র সনদের খসড়া চূড়ান্ত করা হয়েছে। গতকাল রোববার ঢাকায় অনুষ্ঠিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশের তৈরি খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। বৈঠকের পর পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেন, সনদে শুধু গণতন্ত্রের মূল্যবোধের কথাই বলা হয়নি, গণতন্ত্রের প্রসার ও সংরক্ষণের লক্ষ্যে সদস্য দেশগুলো যাতে এগিয়ে যেতে পারে, তার নির্দেশনাও দেওয়া হয়েছে। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করার বিষয়ে সার্কের চেতনাকে এ সনদ সমুন্নত রাখবে। সচিব জানান, আগামী ডিসেম্বরে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সনদটি অনুমোদন পাবে। এরপর আগামী বছর সার্ক শীর্ষ সম্মেলনে এ অঞ্চলের শীর্ষস্থানীয় নেতাদের চূড়ান্ত সম্মতির পর এটি কার্যকর করা হবে। শীর্ষস্থানীয় নেতাদের চূড়ান্ত অনুমোদনের আগে সনদের বিষয়বস্তু সম্পর্কে জানাতে পররাষ্ট্রসচিব অপারগতা জানান। সার্ক গণতন্ত্র সনদের মূল প্রতিপাদ্য হচ্ছে: দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন হতে হবে। গণতন্ত্র ব্যাহত করার প্রয়াসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেবে এ অঞ্চলের গণতান্ত্রিক সব শক্তি। আর কোনো দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ছেদ পড়লে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে ওই শক্তিগুলো সোচ্চার হবে। সনদটি বাস্তবায়নে সদস্য দেশগুলো বেশ কিছু অঙ্গীকার করবে। ওই সব অঙ্গীকার বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে তারও উল্লেখ থাকছে সনদে। উল্লেখ্য, ভুটানে গত এপ্রিলে অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে গণতন্ত্রকে সুসংহত করতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সম্মেলন শেষে বাংলাদেশকে গণতন্ত্র সনদের খসড়া তৈরির পাশাপাশি বিষয়টি চূড়ান্ত করতে বৈঠক অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়।