বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা মনে করেন, সার্ক তথ্যকেন্দ্রের (এসআইসি) কার্যক্রম কেবল সরকারি পর্যায়ে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। তাঁরা বলেছেন, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে থাকলে তথ্যকেন্দ্র এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে আসবে না। এর সঙ্গে বেসরকারি খাতকে যুক্ত করতে হবে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক কর্মশালায় গণমাধ্যমকর্মীরা এ কথা বলেন। সার্ক তথ্যকেন্দ্র এই কর্মশালার আয়োজন করে। গণমাধ্যমকর্মীরা ছাড়াও তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় এই অঞ্চলের দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান সহজ করতে ভিসা জটিলতা দূর করা, সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের অবাধ বিচরণ নিশ্চিত করা, সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি রাখা এবং সার্কভুক্ত দেশগুলোর সব শ্রেণির মানুষকে তথ্য দিতে রেডিও ও টেলিভিশন স্টেশন স্থাপন করার সুপারিশ করা হয়।
সার্ক তথ্যকেন্দ্রের প্রধান কার্যালয় নেপালের কাঠমান্ডুতে। সার্কভুক্ত দেশগুলোতে এর শাখা কার্যালয় আছে। সদস্যদেশগুলোর তথ্য পেতে এই কেন্দ্র করা হয়েছে।
কর্মশালার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এই অঞ্চলের গণমাধ্যমকে যৌথভাবে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে হবে।
কর্মশালায় ‘সার্ক: গণমাধ্যমের সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি দৈনিক অবজারভার-এর সহযোগী সম্পাদক বদরুল আহসান ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুন্দাল আরিয়াল। প্রবন্ধের ওপর বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন আক্তার সুলতানা, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত। কর্মশালা পরিচালনা করেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম ও সার্ক ইনফরমেশন সেন্টারের পরিচালক লক্ষ্মীবিলাস কৈরালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যসচিব মোর্তুজা আহমেদ। স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক) আবদুল মোতালেব সরকার।