সার্ক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কমিউনিটি গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কমিউনিটি গড়ে তুলতে হবে। পরস্পরের সঙ্গে মারামারি কিংবা গুঁতোগুঁতি করে উন্নতি করা অসম্ভব। তাই মতপার্থক্য ভুলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
গত সোমবার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে ‘নোবেলজয়ী ড. ইউনূস সুহৃদ-চট্টগ্রাম’ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
মুহাম্মদ ইউনূস বলেন, মিয়ানমারকে সার্কভুক্ত করলে সবার লাভ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এই সংস্থাটি এখন অনেকটাই অচল। কিছু আনুষ্ঠানিকতার মধ্যে এটি আটকে গেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব রয়েছে।
ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করে মুহাম্মদ ইউনূস বলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন, যা খুবই ইতিবাচক। সার্কের স্বপ্ন বাস্তবায়নে মোদি কাজ করবেন বলে তিনি আশা করেন।
সংগঠনের সভাপতি শিক্ষাবিদ মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক ফারক-ই-আজম বীরপ্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।