রুট ও মাশুল এখনো ঠিক হয়নি, সার্ক সম্মেলনে সই হবে দুই চুক্তি
সার্ক দেশগুলোতে গাড়ি, ট্রেন চলবে সরাসরি
সড়ক ও রেলপথে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বহুমাত্রিক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে সদস্যদেশগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের পাশাপাশি গাড়ি ও রেলযোগাযোগের জন্য পৃথক দুটি রূপরেখা চুক্তি সইয়ের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চুক্তি দুটির আওতায় একটি দেশের পণ্য ও যাত্রীবাহী বাস, ট্রাক ও ট্রেন অন্য দেশে যাবে। তেমনি অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে যাওয়ারও সুযোগ থাকছে। মোটরযান চুক্তিতে যান চলাচলের জন্য মাশুল নেওয়া হবে। আর ট্রেন চলাচল চুক্তিতে সদস্যদেশগুলো একটি অভিন্ন টিকিট চালু করবে।
নেপালে সার্ক সচিবলায়ের এক কর্মকর্তা গত রোববার প্রথম আলোকে মুঠোফোনে জানান, আসন্ন ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক মোটরযান চুক্তি সই হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। চুক্তিটি সইয়ের জন্য সদস্যদেশগুলোর বাধ্যতামূলক অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে পাকিস্তান বেশ পিছিয়ে রয়েছে। ২৭ ও ২৮ নভেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে মোটরযান ও রেল চুক্তির পাশাপাশি জ্বালানি চুক্তি সইয়ের কথা রয়েছে। ওই কর্মকর্তা জানান, সাধারণত এ ধরনের চুক্তি সইয়ের আগে সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠক হয়ে থাকে। এবার সম্মেলনের আগে মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের সুযোগ নেই। ফলে সচিবদের নেতৃত্বাধীন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার কথা।
তবে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ যান চলাচলসংক্রান্ত চুক্তির অনুমোদন দিয়েছে। এর আগে অনুমোদন পেয়েছে রেল চলাচল চুক্তি।
গত ৭ ও ৮ সেপ্টেম্বর ভারতের রাজস্থানে অনুষ্ঠিত পরিবহনবিষয়ক বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে মোটরযান ও ট্রেন চলাচলের চুক্তির খসড়া ঠিক করা হয়। বিশেষজ্ঞ বৈঠকের মতামতের পর দুই চুক্তির খসড়া চূড়ান্ত হলেও মোটরযান চুক্তিতে কোন রুটগুলোতে যান চলাচল করবে, সেটি এখনো ঠিক হয়নি।
মোটরযান চুক্তিটি বাস্তবায়নের আগে সার্কভুক্ত প্রতিটি দেশ সমঝোতার ভিত্তিতে ট্রানজিটের জন্য পথ বা রুট, অভিবাসন ও শুল্ক স্টেশন নির্দিষ্ট করে দেবে। এ জন্য আলাদা প্রটোকল তৈরি করতে হবে। তবে দ্বিপক্ষীয় ভিত্তিতে তা করা যাবে।
বর্তমানে দ্বিপক্ষীয় ভিত্তিতে ভারতের সঙ্গে নেপাল ও ভুটানের এ ধরনের চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় পণ্য নিয়ে নেপাল ও ভুটানে যেতে পারে ভারতীয় পণ্যবাহী ট্রাক। আবার নেপাল বা ভুটানের ট্রাকও ভারতে আসতে পারে। এ চুক্তিটি শুধুই সংশ্লিষ্ট দুই দেশের পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্রে ভূখণ্ড ব্যবহার করা হয়। তবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত আসতে পারে ভুটানের পণ্যবাহী ট্রাক। নেপালকে এ সুবিধা দেয়নি ভারত।
জানতে চাইলে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ ট্রানজিটের মতো বড় ধরনের বাণিজ্যসুবিধা এই মুহূর্তে কোনো দেশই নিতে পারবে না। এই সুবিধা দিতে কোনো দেশেরই পর্যাপ্ত অবকাঠামো নেই। অবকাঠামো নির্মাণের জন্য কীভাবে বিনিয়োগ হবে তা-ও পরিষ্কার নয়। এসব বিষয় নিয়ে সুবিধাভোগী দেশগুলোর মধ্যে আলোচনা হওয়া উচিত। এ ছাড়া মাশুল, স্ট্যান্ডার্ড অব প্রসিডিউরসহ (এসওপি) বিভিন্ন বিষয়ে আরও বিশ্লেষণ করা দরকার।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন, এ চুক্তির আওতায় অন্য দেশের চেয়ে ভারতের সঙ্গেই বাংলাদেশের বেশি যাত্রী ও পণ্য পরিবহন হবে। সে ক্ষেত্রে বিনিয়োগ ও মাশুল কীভাবে আরোপ হবে, তা নিয়ে দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করা উচিত। অন্যদিকে মংলা বন্দর ব্যবহারের আগ্রহ রয়েছে নেপাল ও ভুটানের।
বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ভারত, নেপাল ও ভুটানকে পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় ট্রানজিটের উপযোগিতা, পথ (রুট) ও মাশুল নির্ধারণের জন্য ট্যারিফ কমিশনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। সেই কমিটি ২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রতিবেদনও বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়। কিন্তু ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও গত তিন বছরে সেই প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এই ট্রানজিট দেওয়ার উদ্যোগও অনেকটা ভেস্তে গেছে।
চুক্তিতে যা আছে: চুক্তির আওতায় পণ্য ও যাত্রীবাহী—দুই ধরনের যানই চলাচল করবে। পণ্য পরিবহনের জন্য ট্রাক ও কন্টেইনারবাহী ট্রেইলার চলতে পারবে। প্রাথমিকভাবে ট্রাক বা বাসকে ৩০ দিনের জন্য ট্রানজিট দেবে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ। এ ছাড়া সমুদ্রবেষ্টিত শ্রীলঙ্কা ও মালদ্বীপে পণ্য বা যাত্রী পরিবহনে এই চুক্তির আওতায় ট্রানজিট নেওয়া যাবে। সে ক্ষেত্রে সমুদ্রবন্দর পর্যন্ত সড়কপথে গিয়ে পরে জাহাজ বা ফেরিতে ওই দেশে যেতে হবে।
তবে সব পরিবহনে পণ্য বা যাত্রী আনা-নেওয়া করা যাবে না। পণ্য বা যাত্রী পরিবহনে আলাদা ট্রাক বা বাস থাকবে এবং যে দেশে ট্রানজিট নেওয়া হবে, সেই দেশের কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। আর যে দেশ ট্রানজিট নেবে, সেই দেশ গাড়ির তালিকা তৈরি করবে। প্রতিবছর এ তালিকা হালনাগাদ করা যাবে। সরকারি-বেসরকারি দুই ধরনের ট্রাক বা বাস চলাচল করতে পারবে। অনুমোদন নিয়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেও ট্রানজিট নিতে পারবেন যেকোনো সার্ক নাগরিক। তবে পরিবহন গাড়িগুলোর বৈধ নিবন্ধন, ফিটনেস সনদ, বিমা পলিসি থাকতে হবে এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন সনদও নিতে হবে। গাড়ির চালক, সহায়তাকারী (হেলপার) ও ক্রুদের ভিসাও নিতে হবে। ট্রানজিট পণ্য বা যাত্রী পরিবহনের সময় স্থানীয় যাত্রী বা পণ্য নেওয়া যাবে না। বড় সড়ক দুর্ঘটনা কিংবা ইঞ্জিন বিকল না হলে বাস বা ট্রাকের মেরামতকাজও করা যাবে না।
খসড়া চুক্তিতে আরও বলা হয়েছে, প্রতিবছর কী পরিমাণ পণ্য বা যাত্রী চলাচল করবে, তা সার্কের সদস্যদেশগুলো সমঝোতার মাধ্যমে ঠিক করবে। এমনকি দ্বিপক্ষীয় চুক্তির আওতায়ও এটা নির্ধারণ করতে পারবে।
মোটরযান চুক্তির সপ্তম ধারায় মাশুল আরোপের কথা বলা হয়েছে। মূলত বন্দরসুবিধা, শুল্ক-করসংক্রান্ত আনুষঙ্গিকতা সম্পন্ন করার জন্য মাশুল নেওয়া যাবে। মাশুল কত হবে তা চুক্তির খসড়ায় বলা হয়নি। যে দেশের মধ্য দিয়ে যান যাবে, সেই দেশের নিজস্ব আইন অনুযায়ী মাশুল আরোপ করা হবে।