সার্ক দেশগুলোতে শিক্ষা প্রসারে কাজ করতে চান গাইয়ুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দেশগুলোতে শিক্ষা প্রসারে কাজ করতে চান মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম। মামুন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এ কার্যক্রম পরিচালনা করবেন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের মধ্যে এক বৈঠকে গাইয়ুম এ কথা বলেন। মামুন আবদুল গাইয়ুম সার্কভুক্ত সব দেশে শিক্ষার প্রসার, নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষা আধুনিকীকরণ, মানবাধিকার সংরক্ষণ, জনহিতকর কার্যক্রম পরিচালনার মাধ্যমে সার্ক অঞ্চলে অবদান রাখার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উপদেষ্টাকে অবহিত করেন। তিনি ওই ফাউন্ডেশনের কার্যক্রম বাংলাদেশেও পরিচালনার ব্যাপারে তাঁর আন্তরিক সহযোগিতা কামনা করেন। তাঁরা দুটি বন্ধুপ্রতিম দেশ মালদ্বীপ ও বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করেন।