বর্তমানে সারা পৃথিবীর ৩৬ কোটি ডায়াবেটিক রোগীর মধ্যে সাত কোটিরও বেশি সার্কভুক্ত দেশগুলোতে। এর মধ্যে বাংলাদেশে রোগীর সংখ্যা ৭০ লাখ। সার্ক ডায়াবেটিস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেল দুই দিনের এ সম্মেলন শুরু হয়েছে।‘বাডাস-স্যার গঙ্গারাম সার্ক ডায়াবেটিস কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনে বলা হয়, সার্ক দেশগুলোর মধ্যে ডায়াবেটিসের রোগী সবচেয়ে বেশি ভারতে। এ ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় এবং পাকিস্তান তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতিরোধ কর্মসূচি জোরদার করে ৬৫ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস কমিয়ে আনা সম্ভব। তাই ডায়াবেটিস প্রতিরোধে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও সচেতনতা বাড়ানোর ওপর সম্মেলনে জোর দেওয়া হয়।বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও ভারতের গঙ্গারাম হাসপাতাল যৌথভাবে প্রথমবার এই সম্মেলনের আয়োজন করেছে। এতে সার্কভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞ চিকিৎসকসহ বাংলাদেশের পাঁচ শতাধিক চিকিৎসক অংশ নিচ্ছেন। সম্মেলন অনুষ্ঠানে সহযোগিতা করছে আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক।সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান এ কে আজাদ খানের সভাপতিত্বে গতকাল সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান হাজেরা মাহতাব, নোভো নরডিস্কের ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব শিশো, ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড ওলিং, সার্ক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেন্দ্র কুমার ও সম্মেলনের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান সাইফ উদ্দিন।এ কে আজাদ খান বলেন, নগরায়ণের কারণে মানুষের হাঁটার পথ কমে যাওয়া, ফাস্টফুডের ওপর নির্ভরশীলতাসহ বহুবিধ কারণে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ছে। শহরের চেয়ে গ্রামে এ রোগী কম। বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা প্রতিবছর প্রায় ৬ শতাংশ হারে বাড়ছে। ডায়াবেটিস ও হাইপারটেনশন জীবনব্যাপী অসুখ। প্রতিরোধ কর্মসূচির মাধ্যমে এসব রোগের ৬৫ শতাংশ কমিয়ে আনা সম্ভব। হাজেরা মাহতাব বলেন, বর্তমান অবস্থায় বাংলাদেশে মাত্র ২৫ শতাংশ রোগী চিকিৎসা পাচ্ছে। এদের মধ্যে অনেকেই বিনা মূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সারা দেশে কাজ করছে।