সার্ক দেশগুলোর কৃষি গবেষণা পদ্ধতি নিয়ে গাজীপুরে কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) গতকাল বুধবার দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। সার্কভুক্ত দেশগুলোর জাতীয় কৃষি গবেষণা পদ্ধতি (নার্স) সাংগঠনিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা উন্নত করার কৌশল নির্ধারণের জন্য দেশগুলোর কৃষিবিজ্ঞানীরা এ কর্মশালায় মিলিত হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কৃষিবিদ আবদুল মান্নান আশা প্রকাশ করেছেন, এই কর্মশালার সাফল্য সার্ক অঞ্চলের ১৫০ কোটিরও বেশি লোকের জীবনযাত্রার মানোন্নয়ন ও খাদ্যনিরাপত্তা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে।গতকাল সকালে বারির মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান আকন্দও বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে কারিগরি অধিবেশন শুরু হয়। তিনটি কারিগরি অধিবেশনে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার কৃষিবিজ্ঞানীরা প্রবন্ধ উপস্থাপনা করেন। সার্ক এগ্রিকালচারাল সেন্টারের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা ইব্রাহিম মো. সাঈদ প্রথম আলোকে বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুরু থেকেই মালদ্বীপ ও আফগানিস্তান অনুপস্থিত রয়েছে। বাকি ছয় দেশের কৃষি গবেষণা পদ্ধতি ভিন্ন ভিন্ন। গবেষণার ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির মধ্যেও ভিন্নতা রয়েছে। অথচ খাদ্যনিরাপত্তার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় গবেষণার বিকল্প নেই। এই কর্মশালায় গৃহীত সুপারিশগুলো সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে তুলে ধরা হবে।