সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনের আঞ্চলিক ফোরাম গড়ার উদ্যোগ
সার্কভুক্ত আটটি দেশের নির্বাচন কমিশনকে নিয়ে আঞ্চলিক ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ মে ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিবদের নিয়ে সহযোগিতামূলক সভা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মুহাম্মদ হুমায়ুন কবির গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, আঞ্চলিক ওই সভায় ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, আফগানিস্তান ও মালদ্বীপের প্রধান নির্বাচন কমিশনাররা যোগ দেবেন। শ্রীলঙ্কায় বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের পদটি খালি থাকায় ওই দেশের কোনো প্রতিনিধি থাকছেন না। ঢাকার র্যাডিসন হোটেলে এ সভা অনুষ্ঠিত হবে। সভা অনুষ্ঠানের জন্য অর্থের জোগান দেওয়া হবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আর্থিক সহায়তায় পরিচালিত নির্বাচন কমিশনের চলমান প্রকল্প থেকে। নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সচিব আরও জানান, সভার শেষ দিনে আঞ্চলিক নির্বাচন কমিশনগুলোর সমন্বয়ে একটি ফোরাম গঠনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হবে। সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচনসংক্রান্ত অভিজ্ঞতা, তথ্য ও উদ্ভাবনী কৌশল বিনিময়ের লক্ষ্যে ফোরাম গঠন করে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলাই এই সভার মূল উদ্দেশ্য।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৯ মে সকাল সাড়ে নয়টায় আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ এই সভার উদ্বোধন করবেন। প্রধান নির্বাচন কমিশনারদের মধ্যে ভারতের নবীন বি চাওলা, মালদ্বীপের ফুয়াদ তৌফিক, পাকিস্তানের হামিদ আলী মির্জা, নেপালের নীলকণ্ঠ উপ্রেতি, ভুটানের দাসো কুনঝাং ওয়াংদি ও আফগানিস্তানের আয়ুব আসিল যোগ দেবেন। দেশগুলোর নির্বাচন কমিশনসংশ্লিষ্ট সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেবেন। সভায় দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের প্রধান ব্রিগালিয়া বাম এবং কমনওয়েলথ সচিবালয়ের ডেমোক্রেসি সেকশনের প্রধান মার্ক স্টিভেনসও যোগ দেবেন।