আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী
সার্ক নির্বাচন কমিশন ফোরাম হলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশন নিয়ে ফোরাম গঠিত হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। এ ছাড়া বাংলাদেশের নির্বাচন কমিশনে সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে কমিশনার নিয়োগ-প্রক্রিয়া ও যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে বলে মত দেন তিনি।আইনমন্ত্রী আশ্বাস দেন, এ বিষয়ে কমিশন প্রস্তাব রাখলে সরকার তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। গতকাল শনিবার সার্কভুক্ত দেশের নির্বাচন কমিশন নিয়ে আঞ্চলিক ফোরাম গঠনের আলোচনার উদ্বোধন করে আইনমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশের নির্বাচন কমিশন এর আয়োজন করেছে।রাজধানীর র্যাডিসন হোটেলে ‘দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাচন কমিশনসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সভা’ শীর্ষক এক অনুষ্ঠানে শফিক আহমেদ বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশন নিয়ে ফোরাম গঠিত হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। সার্কের আদলে কমিশনগুলোর ফোরাম গঠন করা হলে তথ্য, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারব।’ আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরাও চাই সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচন কমিশনে আসুন। তাই নির্বাচন কমিশনার নিয়োগে কমিশনের জন্য একটি গাইডলাইন থাকা দরকার। সে জন্য কমিশনার নিয়োগ-প্রক্রিয়া এবং তাঁদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে কমিশন সরকারের কাছে প্রস্তাব রাখলে আমরা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।’ প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও চিন্তাভাবনা বিনিময়ের জন্যই সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশন নিয়ে ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।আইনমন্ত্রীর বক্তব্যের জের ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সংবিধানে আইন প্রণয়নের কথা বলা হলেও দীর্ঘ ৪০ বছরেও কমিশনার নিয়োগে কোনো আইন প্রণীত হয়নি। আমরা এ লক্ষ্যে একটি আইনের খসড়া প্রণয়ন করছি। অচিরেই তা সরকারের কাছে পাঠাব।’ অনুষ্ঠানে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদসহ আরও কয়েকটি দলের নেতারা উপস্থিত ছিলেন।আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, জামায়াত নেতাদের উপস্থিতির খবর জানতে পেরে পথে থাকতেই তিনি অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে সিইসির অনুরোধে অনুষ্ঠানে যোগ দেন। দুই দিনের এই আলোচনা অনুষ্ঠানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও তাদের কোনো দলীয় প্রতিনিধি যোগ দেননি।অনুষ্ঠানে আঞ্চলিক প্রধান নির্বাচন কমিশনারদের মধ্যে ভারতের নবীন বি চাওলা, মালদ্বীপের ফুয়াদ তৌফিক, পাকিস্তানের হামিদ আলী মির্জা, নেপালের নীলকণ্ঠ উপ্রেতি, ভুটানের দাসো কুনঝাং ওয়াংদি ও আফগানিস্তানের আয়ুব আসিল উপস্থিত ছিলেন। সার্কভুক্ত দেশের বাইরের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের প্রধান ব্রিগালিয়া বাম যোগ দেন।