সার্ক পিপলস লিংক ফোরামের সম্মেলন শুরু

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনের সার্ক পিপলস লিংক ফোরাম-বিডি সম্মেলন। এতে বাংলাদেশ ছাড়াও ভারত ও নেপালের ৩৪ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এটাই ফোরামের প্রথম সম্মেলন।
সম্মেলনের প্রথম দিনে বক্তারা ভিসা-সংক্রান্ত জটিলতা দূর করে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
সকাল ১০টায় নগরের মিয়াপাড়ায় অবস্থিত সাধারণ গ্রন্থাগারে সম্মেলনের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি। এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আবদুল মান্নান, সার্ক পিপলস লিংক ফোরাম নেপালের সভাপতি হরি বাহাদুর বিসি, ফোরামের বাংলাদেশের সাধারণ সম্পাদক কল্পনা রায় প্রমুখ।
অনুষ্ঠানে নেপালে সংঘটিত ভূমিকম্প এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধন পর্বে হাসান আজিজুল হক বলেন, নেপাল-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। চর্যাপদকে বাংলা ভাষার উৎস হিসেবে ধরা হয়, সেই চর্যাপদও নেপালের একটি গ্রন্থাগারে পাওয়া গেছে। এ ছাড়া হিমালয় থেকে বঙ্গোপসাগর, আবার বঙ্গোপসাগর থেকে হিমালয়—এভাবে দুই দেশ প্রাকৃতিকভাবেও সম্পর্কযুক্ত। তিনি বলেন, নেপাল ও ভুটান যেহেতু স্থলভূমিবেষ্টিত, সেহেতু কোনোভাবেই তাদের সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। কারণ, এটি তাদের জীবন-মরণ সমস্যা।
হরি বাহাদুর বিসি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কৃষি ও পানির মতো যে সাধারণ সম্পদ রয়েছে সেগুলোর পারস্পরিক আদান-প্রদান বাড়াতে হবে। সাইদুর রহমান বলেন, ইউরোপের অনেক দেশে ভিসা জটিলতা নেই। বাংলাদেশসহ অন্য দেশের প্রতিনিধিরা নিজ নিজ সরকারের কাছে সমস্যাটি তুলে ধরবেন। ভিসা জটিলতায় অনেক ক্ষেত্রেই যোগাযোগ ব্যাহত হয়।
মনিরুজ্জামান মনি বলেন, আন্তর্দেশীয় যোগাযোগ বাড়াতে হবে। এ জন্য ভিসা পাওয়ার বিষয়টি সহজতর করতে হবে। তাহলে উন্নতি ঘটবে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পে।
অনুষ্ঠানে দোভাষীর কাজ করেন রাজশাহীতে অধ্যয়নরত নেপালি ছাত্র দিকসাম চৌধুরী।