সার্ক ফুডব্যাংকে মজুদ চার লাখ টন করার প্রস্তাব বাংলাদেশের
সার্ক ফুডব্যাংকে খাদ্যশস্যের মজুদের পরিমাণ দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে চার লাখ মেট্রিক টনে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সার্ক ফুডব্যাংকের পরিচালনা বোর্ডের চতুর্থ সভায় এই প্রস্তাব দেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার দুই দিনব্যাপী বোর্ডের এই সভা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠার সময় এই ফুডব্যাংকে মজুদের পরিমাণ নির্ধারণ করা হয় দুই লাখ ৪০ হাজার টন। এতে ভারতের অবদান এক লাখ ৪০ হাজার টন এবং বাংলাদেশের ছিল ৪০ হাজার টন। এই মজুদ বাড়িয়ে চার লাখ টন করার প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, ফুডব্যাংকের পরিচালনা বোর্ড আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।মন্ত্রী বলেন, এই ফুডব্যাংক এখনো সেভাবে কার্যকর করা সম্ভব হয়নি। এটি কার্যকর করা গেলে তা সদস্যদেশগুলোর প্রয়োজনে ভূমিকা রাখতে পারবে। সদস্যদেশের উৎপাদনসংকট বা জরুরি প্রয়োজন দেখা দিলে এ ব্যাংক খাদ্য সরবরাহে ভূমিকা রাখবে।বোর্ডসভার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্যসচিব বরুণ দেব মিত্র (বিডি মিত্র)। সার্ক সচিবালয়ের প্রতিনিধি রিয়াজ হামিদুল্লাহ, খাদ্য বিভাগের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান ও বাংলাদেশে সার্ক ফুডব্যাংকের ফোকাল পয়েন্ট খাদ্য অধিদপ্তরের পরিচালক ইলাহী দাদ খানও অনুষ্ঠানে বক্তব্য দেন। সার্কের সদস্য বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা এ সভায় অংশ নিচ্ছেন। সভা শেষ হবে আজ বৃহস্পতিবার।উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, বিশ্বের মোট জনসংখ্যার ২৩ শতাংশ দক্ষিণ এশিয়ায় বাস করে। অথচ বিশ্বের মোট আয়ের মাত্র ২ শতাংশ হয় এ অঞ্চলে। সাব-সাহারা অঞ্চলের পরই এ এলাকায় দরিদ্র লোকের বসবাস বেশি। এ অঞ্চলের খাদ্যনিরাপত্তাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বেশির ভাগ দেশই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, খাদ্য রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ ২০০৭ ও ২০০৮ সালে খাদ্যসংকটের সম্মুখীন হয়।২০০৭ সালে সার্ক ফুডব্যাংক গঠনের নীতিগত সিদ্ধান্ত হয় এবং ২০০৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পরের বছর এই ব্যাংক কার্যক্রম শুরু করে।