সার্ক বীজ ফোরামের যাত্রা শুরু, সভাপতি হলো বাংলাদেশ
সার্ক দেশগুলোর মধ্যে ফসলের বীজ বিষয়ে সহযোগিতা বাড়াতে গতকাল বৃহস্পতিবার থেকে সার্ক বীজ ফোরামের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বীজ প্রযুক্তি হস্তান্তর ও অভিজ্ঞতা বিনিময় ছাড়াও এই ফোরামের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলো খাদ্যনিরাপত্তা অর্জনে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে উদ্যোগ নেবে।এদিকে নবগঠিত এই ফোরামের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। দেশের পক্ষে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক সভাপতির দায়িত্ব পালন করবেন।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সার্ক বীজ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, প্রযুক্তি হস্তান্তর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সার্ক দেশগুলোর মধ্যে বীজ-ব্যবস্থার উন্নয়ন সম্ভব। সার্ক বীজ ফোরাম এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে।বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন কৃষি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাজাহান, ভারতের বীজ ব্যবসায়ী এম এ রব্বানী প্রমুখ।