সার্ক ব্যবসায়ীদের জন্য ভারতের বিশেষ ভিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এপ্রিল থেকে পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ীরা ভারতে বাণিজ্যিক ভিসা-সুবিধা পেতে যাচ্ছেন। ‘ইন্ডিয়া বিজনেস কার্ড’ নামে ওই ভিসার মেয়াদ হবে তিন বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তবে পাকিস্তানের ব্যবসায়ীদের ভিসার ক্ষেত্রে কিছু শর্তারোপ করা হবে। তিন বছরের মাল্টিপল ভিসার জন্য পাকিস্তানের ব্যবসায়ীদের ভারতীয় এক কোটি রুপির সমমূল্যের ব্যবসা থাকতে হবে। এর পাশাপাশি বছরে ১০ লাখ পাকিস্তানি রুপি আয় থাকতে হবে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো শর্তারোপ করা হবে না। নেপাল ও ভুটানের নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসা লাগবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, ভারত সার্কভুক্ত দেশগুলোকে তিন থেকে পাঁচ বছরের বাণিজ্যিক ভিসা সুবিধা দেবে। এরপরই দেশটির কেন্দ্রীয় সরকার বিষয়টির উদ্যোগ নিতে শুরু করে।