সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের বৈঠক শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া নিশ্চিত করতে ‘উত্তম চর্চা’ বিনিময়ের অঙ্গীকারের মধ্য দিয়ে সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের বৈঠক শেষ হয়েছে।
সার্ক দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের দুই দিনের বৈঠক শেষে গতকাল রোববার সহযোগিতার নতুন ক্ষেত্র ও সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি খসড়া প্রতিবেদন গৃহীত হয়েছে।
গতকাল রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় দিনের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘আমরা নিয়মিতভাবে বৈঠক করা এবং সময় অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।’ মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের তৃতীয় বৈঠক আগামী বছর পাকিস্তানে এবং চতুর্থ বৈঠক ২০১৬ সালে নেপালে অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, ২০০৯ সালের নভেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ঢাকার বৈঠকে পর্যালোচনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপার ‘সার্ক অকার্যকর আঞ্চলিক ফোরাম’ মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘আমি এ ধারণার সঙ্গে একমত নই। এ পর্যন্ত সার্কের আওতায় অনেক কিছু করা হয়েছে। আগামী দিনে অনেক কিছু করতে হলে সমন্বিত প্রজ্ঞা ও উদ্যোগের প্রয়োজন।’