সার্ক, মিয়ানমার ও নিষিদ্ধ দেশে দ্বৈত নাগরিকত্ব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ বাড়ানো হয়েছে। এখন সার্কভুক্ত আটটি দেশ, মিয়ানমার ও সরকারের নিষিদ্ধ ঘোষিত দেশ ছাড়া অন্য সব দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা।
আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেত্রে বাংলাদেশিদের দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ ছিল। অর্থাৎ, তাঁরা এ দুই দেশের নাগরিক হয়ে বাংলাদেশের নাগরিকত্বও রাখতে পারেন।
গতকাল সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন, ২০১৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিং করেন।
আইনে আছে, কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকের ক্ষেত্র ছাড়া যদি কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আনুগত্য প্রকাশ করেন, বিদেশি রাষ্ট্রের কোনো বাহিনীতে যোগদান করেন বা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ বা অন্য কোনোভাবে অন্য দেশকে সহায়তা করে থাকেন এবং এমন কোনো রাষ্ট্রের নাগরিক, যে রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল বা আছে এবং বাংলাদেশে বেআইনি অভিবাসী হিসেবে বসবাস করেন বা করে আসছেন—এ-জাতীয় ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে না।
এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিউল আলম জানান, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত বা অভিযুক্তদের নাগরিকত্ব থাকা না-থাকার বিষয়ে আইনে সরাসরি কিছু বলা হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, নতুন আইনে সার্কভুক্ত দেশ, মিয়ানমার বা সরকারের গেজেট প্রজ্ঞাপন দ্বারা নাগরিকত্ব গ্রহণের জন্য নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা যাবে। তবে বিচারক, সংসদ সদস্য, সাংবিধানিক পদাধিকারী, শৃঙ্খলা বাহিনী ও সরকারি চাকরিতে নিয়োজিত অবস্থায় দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা যাবে না।
আবার দ্বৈত নাগরিকেরা রাষ্ট্রপতি পদ, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের কোনো পদে নির্বাচন করতে পারবেন না। তাঁরা বিচারকসহ প্রজাতন্ত্রের কোনো পদে নিয়োগ এবং কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবেন না। বিদেশি কোনো নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করলে তাঁরাও নির্বাচন বা প্রজাতন্ত্রের কোনো কাজে নিয়োগ পাবেন না।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, এ আইনের আওতায় কোনো বিদেশি নাগরিককে সামাজিক, বিজ্ঞান, সাহিত্য, বিশ্বশান্তি, মানব উন্নয়ন, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ যোগ্যতা কিংবা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া যাবে। বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পেতে হলে কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে কমপক্ষে পাঁচ বছর বসবাস করতে হবে।
আইন অমান্যের সাজার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে এ আইনের অধীনে নাগরিকত্ব-সংক্রান্ত অপরাধের জন্য অপরাধী অনধিক এক লাখ টাকা জরিমানা বা অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এক লাখ টাকার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়, পাঁচ বছরের তুলনায় এক লাখ টাকা খুবই কম। এ ক্ষেত্রে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটা বৈঠক হবে। সেখানে ছোটখাটো বিষয়গুলো সংশোধন করা হবে। এক লাখ টাকা বাড়িয়ে আরও বেশি পরিমাণ অর্থদণ্ড নির্ধারণ করা হতে পারে।
১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস: প্রতিবছর ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হবে। মন্ত্রিসভার গতকালের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতিবছর মার্চ মাসের শেষ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হতো। এতে দেখা যায়, শেষ বৃহস্পতিবার ২৬ মার্চ পড়ে যেতে পারে। এ কারণে ১০ মার্চ করা হয়েছে।
পাঁচ পুলিশ সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর চেক প্রদান: সাম্প্রতিক বছরগুলোতে কর্তব্য পালনের সময় নিহত পাঁচ পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে ওই পুলিশ সদস্যদের পরিবারের কাছে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। খবর বাসসের।
কর্তব্য পালন করার সময় দুর্বৃত্তদের হাতে নিহত ওই পাঁচ পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইব্রাহীম মোল্লা, সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. সুজাউল ইসলাম, কনস্টেবল মো. মুকুল হোসেন, মো. পারভেজ হোসেন ও আতিকুল ইসলাম।