সার্ক শীর্ষ সম্মেলনের জন্য তৈরি ভুটান
জলবায়ু পরিবর্তন এবারের সার্ক শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য। সার্ক শীর্ষ সম্মেলনে এ বিষয়টি বেছে নেওয়াটা বৈশ্বিক ঝুঁকি মোকাবিলার ব্যাপারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ। বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ কেসাং গত বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। থিম্পুতে অনুষ্ঠেয় ষোড়শ সার্ক শ ীর্ষ সম্মেলনের প্রস্তুতির বিষয়ে ভুটান দূতাবাস ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। ভুটানের রাজধানী থিম্পুতে ২৮ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন। ভুটানের রাষ্ট্রদূত বলেন, সার্ক শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য পুরোপুরি তৈরি ভুটান। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রথমবারের মতো শীর্ষ নেতাদের সমাবেশ আয়োজনের সুযোগ পেয়ে গর্বিত দক্ষিণ এশিয়ার পাহাড়ঘেরা দেশটি। রাষ্ট্রদূত জানান, অবকাঠামো ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও দক্ষিণ এশিয়ার নেতারাসহ অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এবারের সম্মেলনে আট দেশের নেতারা ছাড়াও জোটের পর্যবেক্ষক আটটি দেশ ও একটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সব মিলিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে প্রায় ৫০০ প্রতিনিধি যোগ দেবেন। সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি আছে কি না জানতে চাইলে দাসো বাপ কেসাং বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোন ঝুঁকি নেই। এ ছাড়া সম্মেলনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের নিজেদের আয়োজনেই এ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্যই দুই মাস ধরে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অর্থাৎ সীমিত আকারে ভিসা দেওয়া হচ্ছে, যাতে খুব বেশি মানুষ ভুটানে না আসে।’ ভুটানের রাষ্ট্রদূত জানান, ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে তিনটি চুক্তি সই হবে। চুক্তিগুলো হচ্ছে—সাফটায় সেবা বাণিজ্য (ট্রেড ইন সার্ভিসেস), প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থাপনা (সার্ক ন্যাচারাল ডিজাস্টার রেপিড রেসপন্স মেকানিজম) ও সার্ক পরিবেশ সহযোগিতা চুক্তি (সার্ক কনভেনশন অন কো-অপারেশন অন এনভায়রমেন্ট)।