সার্ক শীর্ষ সম্মেলনের পর গণতন্ত্র সনদ কার্যকর হতে পারে
ঢাকায় অনুষ্ঠেয় বৈঠকে দক্ষিণ এশিয়ার গণতন্ত্র সনদ চূড়ান্ত করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। আগামী সার্ক শীর্ষ সম্মেলনে অনুমোদনের পর সনদটি কার্যকর হবে। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল শনিবার বিকেলে সার্কের আন্তসরকার পর্যায়ের প্রথম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের এ অভিমত দেন। দক্ষিণ এশিয়ার গণতন্ত্র সনদের খসড়া চূড়ান্ত করতে দুই দিনের এ বৈঠক গতকাল হোটেল শেরাটনে শুরু হয়েছে।দক্ষিণ এশিয়ার দেশগুলোয় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন হতে হবে। গণতন্ত্র ব্যাহত করার প্রয়াসের বিরুদ্ধে ঐকবদ্ধ অবস্থান নেবে এ অঞ্চলের গণতান্ত্রিক সব শক্তি। কোনো দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ছেদ পড়লে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে ওই শক্তিগুলো সোচ্চার হবে। এ বিষয়গুলোকে প্রতিপাদ্য রেখে সার্ক গণতন্ত্র সনদের খসড়া তৈরি করা হয়েছে।পররাষ্ট্রসচিব জানান, প্রথম দিনের বৈঠকে সনদের খসড়া চূড়ান্ত করার কাজ ৮০ শতাংশ এগিয়েছে। দুই দিনের বৈঠক শেষে খসড়ার একটি চূড়ান্ত রূপ দেওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের উত্তরে মিজারুল কায়েস বলেন, আগামী ডিসেম্বরে থিম্পুতে অনুষ্ঠেয় সার্ক পররাষ্ট্রসচিব ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এটি চূড়ান্তভাবে অনুমোদন পাবে। গণতন্ত্র থেকে বিচ্যুত হলে সদস্যভুক্ত দেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, গণতন্ত্র সুসংহত করতে সনদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটা বুঝতে হবে যে সনদ আর চুক্তি এক বিষয় নয়। আগামী সার্ক শীর্ষ সম্মেলনে এ অঞ্চলের সম্মতির পর সনদটি কার্যকর হবে। ভুটানের থিম্পুতে গত ২৮ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে গণতন্ত্রকে সুসংহত করতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সম্মেলন শেষে বাংলাদেশকে গণতন্ত্র সনদের খসড়া তৈরির পাশাপাশি বিষয়টি চূড়ান্ত করতে বৈঠক অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়।