সার্ক সম্মেলন স্থগিত ঘোষণা পাকিস্তানের
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৯ ও ১০ নভেম্বরে নির্ধারিত ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা। এ নিয়ে এবারের সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করল বাংলাদেশসহ পাঁচটি সদস্যরাষ্ট্র।
সম্মেলনে যোগ না দেওয়ার কারণ হিসেবে এক বিবৃতিতে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই অঞ্চলে বিদ্যমান পরিবেশ সম্মেলনে যোগ দেওয়ার জন্য অনুকূল নয়।’ এতে আরও বলা হয়, ‘দক্ষিণ এশিয়ার জনগণের জন্য সফল পারস্পরিক সহযোগিতার মূল উপাদান শান্তি ও নিরাপত্তা।’ এর আগে এবারের সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ, ভারত, নেপাল ও আফগানিস্তান।
এদিকে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সার্ক সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে পাঁচ সদস্যরাষ্ট্র অনীহা প্রকাশ করায় সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। খবরে বলা হয়, ইসলামাবাদ বলেছে, খুব শিগগির এ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।