সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-ঘাটতি বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে বিএনপির অনুপস্থিত সদস্য মুহাম্মদ মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১১-১২ অর্থবছরে চীন থেকে ৫০ হাজার ৯৪১ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের পণ্য আমদানি করেছে। একই সময় বাংলাদেশ থেকে চীনে তিন হাজার ১৭৯ কোটি ২৫ লাখ টাকা মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে। গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ১৯৯টি দেশের সঙ্গে রপ্তানি এবং ১৫০টি দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-বাণিজ্যের সম্পর্ক রয়েছে।বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে যথাক্রমে ৫৪৪ দশমিক ৪৪ মেট্রিক টন, ২৬৯ দশমিক ৩৩ মেট্রিক টন এবং ২০৫ দশমিক ০৯ মেট্রিক টন ফরমালিন আমদানি করা হয়েছে।সাধনা হালদারের প্রশ্নের জবাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেন, ২০১০ সালের বিবিএসের আয় ও খানা জরিপ অনুসারে দিনে মাথাপিছু চালের পরিমাণ ৪১৬ গ্রাম। গত অর্থবছর মোট উৎপাদিত চালের পরিমাণ ছিল তিন কোটি ৩৯ লাখ ১৩ হাজার মেট্রিক টন। বীজ ও অন্যান্য খাতে ১২ শতাংশ বাদ দিয়ে নিট উৎপাদন ছিল দুই কোটি ৯৮ লাখ ৪৩ হাজার মেট্রিক টন। একটি বিল পাস: সংসদে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা বিল-২০১২ পাস হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বিলটি পাস করার প্রস্তাব করেন। এ আইনে দুর্গত এলাকায় অবৈধভাবে মুনাফা লাভের জন্য নিত্যপ্রয়োজনীয দ্রব্যের দাম বাড়ালে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।সরকারি কর্মকমিশনের সদস্যদের বেতন বাড়ানো সম্পর্কিত বিল সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদন গতকাল সংসদে উপস্থাপন করা হয়।পরে সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।