আন্তদেশীয় অপরাধ দমনে সার্কভুক্ত দেশের পুলিশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুরে স্টাফ কলেজের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ট্রান্সন্যাশনাল ক্রাইম: সার্ক পারস্পেকটিভ’ শীর্ষক কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে সার্কভুক্ত দেশের সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মানব ও মাদক পাচার ইত্যাদি অপরাধ মোকাবিলা করতে হয়। এ ধরনের অপরাধ দমনে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে।
হাসান মাহমুদ বলেন, আঞ্চলিক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আন্তদেশীয় অপরাধ দমনে সার্কভুক্ত দেশের পুলিশ বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়াবে।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, এপিবিএনের অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন প্রমুখ বক্তব্য দেন। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন শ্রীলঙ্কার পুলিশ কর্মকর্তা কমল সিলভা। তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সে সার্কভুক্ত ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান ও বাংলাদেশের পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৮ জন কর্মকর্তা অংশ নেন।