সার্কাসে মানুষ হাসিয়ে দুঃখ ভোলেন তাঁরা

শারীরিক গঠনে তাঁরা সমাজের আর দশজন মানুষের মতো স্বাভাবিক নন। তাঁদের উচ্চতা তিন ফুটের চেয়ে কম। দেখতেও কিছুটা অস্বাভাবিক হওয়ায় সমাজে বাস করতে গিয়ে অনেক সময় নানা বিড়ম্বনায় পড়েন তাঁরা। মানুষকে আনন্দ দেওয়াকে তাঁরা পেশা হিসেবে বেছে নিয়েছেন।
ময়মনসিংহ শহরের কাছারিঘাটে জেলা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে গত ১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চলা শিল্প ও বাণিজ্য মেলায় জনসমাগম বাড়াতে আয়োজকেরা বাড়তি আকর্ষণ হিসেবে রেখেছিলেন সার্কাস। সেই সার্কাসে মানুষকে নানাভাবে বিনোদন দেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মো. মানিক (৩৫), বাগেরহাট সদর উপজেলার আবদুল মোতালেব আর রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মো. রমজান আলী।
মেলা চলাকালে একদিন ময়মনসিংহ শহরের জয়নুল উদ্যানের পাশে একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন তাঁরা তিনজন। শক্তপোক্ত চেহারা আর শারীরিক খর্বতার জন্য মানুষের আকর্ষণের বিষয়ে পরিণত হন তাঁরা। উদ্যানে বেড়াতে আসা লোকদের অনেকেই মুখ টিপে হাসেন। কথা হয় তাঁদের সঙ্গে।
তাঁরা জানান, প্রত্যেকেই শৈশব থেকেই সার্কাসের ‘জোকার’ হিসেবে কাজ করে আসছেন। প্রতিবছর দরদাম করে এক বছরের চুক্তিতে নতুন নতুন সার্কাস দলে যুক্ত হন। যা আয় হয়, তা দিয়ে সংসার কোনো রকম চলে যায়। তাঁদের তিনজনেরই রয়েছে স্ত্রী-সন্তান। কিন্তু কাজের প্রয়োজনে দেড় থেকে দুই মাসের জন্য দূরদূরান্তে অবস্থান করায় বছরের হাতে গোনা কিছু দিনই থাকা হয় পরিবারের সঙ্গে। মানিক আর মোতালেব বলেন, প্রায় দেড় মাস ধরে পরিবারের সঙ্গে দেখা নেই। তবে প্রতিদিন মুঠোফোনে যোগাযোগ হয়।
তাঁরা জানান, সমাজে এখনো কিছু মানুষ আছেন, যাঁরা তাঁদের শারীরিক খর্বতা নিয়ে হাসাহাসি করেন। তখন কিছুটা কষ্ট হয়। মানুষকে হাসাতে পেরেই তাঁরা আনন্দ বোধ করেন। প্রতিদিন সন্ধ্যায় আলো ঝলমল মঞ্চে তাঁরা নানা অঙ্গভঙ্গি ও মজার মজার কথা বলে মানুষকে হাসান। রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে হয় হাসানোর কাজটাও তো সবাই করতে পারে না। তখন নিজেদের আর ছোট মনে হয় না। এসব ভেবেই নিজেদের দুঃখ ভুলে থাকেন তাঁরা।