সার্কাসের নামে অশ্লীল নৃত্য এলাকাবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোকজ উৎসবে সার্কাসের নামে রাতভর অশ্লীল নৃত্য এবং অসামাজিক কার্যকলাপ চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বন্ধের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল শুক্রবার পানাম নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। স্থানীয় এলাকাবাসী জানান, মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকার ‘দি কাঞ্চন সার্কাস’ নামের একটি প্রতিষ্ঠান সার্কাসের নাম করে প্রতিদিন রাতে দেশের বিভিন্ন স্থান থেকে মেয়েদের একত্রিত করে উচ্চ শব্দে মাইকে হিন্দি গান বাজিয়ে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। গানবাজনার উচ্চ শব্দে শিক্ষার্থী বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং মেলার পরিবেশ নষ্ট হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, গত বছর মেলায় এ চক্রটিই যাত্রাপালার নামে অনুমতি নিয়ে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ চালায়। পরে এলাকাবাসী ওই প্যান্ডেলে অগ্নিসংযোগ করে এবং নৃত্যশিল্পীদের পিটিয়ে যাত্রা বন্ধ করে দেয়। ওই চক্রটি এ বছর আবারও সার্কাসের নাম দিয়ে গত ২১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেয়। ফাউন্ডেশন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন ওই সার্কাস কর্তৃপক্ষকে কয়েকটি শর্ত দিয়ে সার্কাসের অনুমতি দেয়। এর মধ্যে প্রধান শর্ত হচ্ছে—সার্কাসে কোনো অশ্লীল নৃত্য এবং রাতে মাইক ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজানো যাবে না। কিন্তু সার্কাস কর্তৃপক্ষ এসব শর্ত লঙ্ঘন করে অশ্লীল নৃত্য ও অসামাজিক কাজ করে আসছে।সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল বলেন, ‘এসব অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপের জন্য মেলার পরিবেশ নষ্ট হচ্ছে। মানুষ মেলার প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে।’ তবে কাঞ্চন সার্কাসের মালিক মুকবিল হোসেন বলেন, ‘রাতে মেয়েরা গান পরিবেশন করে এ কথা সত্য। তবে এতে অশ্লীলতা নেই।’লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম বলেন, ‘সার্কাস কর্তৃপক্ষ রাতে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ করে থাকলে তা আমাদের জানার কথা না। কারণ, ওই সময় আমরা থাকি না। তা ছাড়া শর্ত লঙ্ঘন করে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ করলে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।