সার্কাসের নামে অশ্লীলতা বন্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলায় একটি মেলায় সার্কাসের নামে অশ্লীল নাচ, মদ ও জুয়ার আসর ভেঙে দেওয়ার জন্য নিজ আদালতে মামলা দায়ের করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরেশ চন্দ্র সরকার।
আজ মঙ্গলবার সকালে তিনি এ মামলা দায়ের করেন। পরে এক আদেশে প্যান্ডেলগুলো অপসারণ ও মেলার ইজারাদারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে প্রায় শত বছরের পুরোনো সিন্দুরমতি মেলা আজ থেকে শুরু হওয়ার কথা। কিন্তু গতকাল সোমবার সকাল থেকেই সেখানে সার্কাস পার্টির নামে অশ্লীল নাচ, মদ ও জুয়ার আসর শুরু হয়। খবর পেয়ে গতকাল সন্ধ্যার পর লালমনিরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরেশ চন্দ্র সরকার পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের নিয়ে মেলায় যান। রাত ১০টার দিকে তিনি প্যান্ডেলগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে রাত তিনটার দিকে সেগুলো খুলে ফেলা হয়। কিন্তু আজ ভোর ছয়টা থেকে প্যান্ডেলগুলো বসিয়ে আবার অশ্লীল নাচ ও জুয়ার আসর শুরু হয়। এ ব্যাপারে নরেশ চন্দ্র সরকার নিজের আদালতে একটি বিবিধ মামলা দায়ের করেছেন। ২১ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন তিনি।

লালমনিরহাটের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেটের বিবিধি মামলা-সংক্রান্ত আদেশের অনুলিপি তিনি পেয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।