সার্কাসের নামে জুয়া, অশ্লীল নাচ চলছে
রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতি বাজারের পাশে ১৫ দিন ধরে সার্কাসের নামে জুয়া ও নগ্ন নাচ চলছে। স্থানীয় কিছু যুবক এই জুয়া ও সার্কাসের আয়োজন করেছেন বলে জানা গেছে।
বরাতির বাজারে পয়লা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল মেলা বসে। সেই মেলায় আনা হয় সার্কাস। মেলা শেষ হলেও এখনো সার্কাস চলছে।
২৮ এপ্রিল রাতে সরেজমিনে দেখা গেছে, প্যান্ডেলের বাইরে জুয়ার আসর বসানো হয়েছে। সার্কাসের প্যান্ডেলেই চলছে অশ্লীল নাচ-গান।
বরাতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, সার্কাসের নামে প্রকাশ্যে যে অশ্লীল নাচ চলছে, তাতে উঠতি বয়সের কিশোর ও তরুণেরা নষ্ট হতে বাধ্য। এ বিষয়গুলো দেখার কেউ নেই।
আয়োজক কমিটির সদস্য সাইদুল হক বলেন, নাচ-গানের আয়োজনও রাখা হয়েছে। তবে অশ্লীল নাচের অভিযোগ উঠলে তা বন্ধ করে দেওয়া হবে।’
তারাগঞ্জ থানার ওসি মোস্তফিজার রহমান বলেন, বিষয়টি জানা না থাকায় ব্যবস্থা নেওয়া হয়নি। শিগগির এগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হবে।