সার্কাসের মঞ্চ ভাঙতে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সার্কাসের মঞ্চ ভাঙতে গিয়ে আজ রোববার বিকেলে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত হয়েছেন। তাঁরা হলেন শরিফ আহমেদ ও মেজবাউল হক। তবে সার্কাস প্রদর্শন বন্ধ হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে দুজন ম্যাজিস্ট্রেট সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত দি লায়ন সার্কাসের মঞ্চ ভাঙতে যান। সার্কাস চলার সময় প্যান্ডেলের ভেতরে ঢুকে প্রদর্শন বন্ধ করতে বলেন তাঁরা। এতে আয়োজকেরা ক্ষুব্ধ হয়ে হইচই শুরু করেন। এ সময় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম ও তাঁর লোকজন এসে দুই ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন।

জেলা প্রশাসক এহছানে এলাহী প্রথম আলোকে বলেন, বামনডাঙ্গা কলেজ মাঠে অবৈধভাবে সার্কাসের নামে অশ্লীল নাচ-গান চালানো হচ্ছিল। অভিযোগ পেয়ে সেটি ভাঙার জন্য দুজন ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। কিন্তু স্থানীয় সাংসদ ও তাঁর লোকজন দুই ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন।

দুই ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগ সঠিক নয় দাবি করে সাংসদ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি আবদুল হক ডিগ্রি কলেজের একটি সভায় উপস্থিত ছিলাম। হইচই শুনে লোকজন পাঠিয়ে দুই ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসি।’

সার্কাসের আয়োজক বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমেস উদ্দিন বলেন, ১৮ থেকে ২৫ মে পর্যন্ত সার্কাস প্রদর্শনের জন্য অনুমতি দেন জেলা প্রশাসক। কিন্তু অনুমতির মেয়াদ শেষ না হতেই ওই দুই ম্যাজিস্ট্রেট প্রদর্শন বন্ধ করতে বললে অপ্রীতিকর ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়োজক প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসকের তহবিলে (এলআর ফান্ড) ৫০ হাজার টাকা দিয়ে আমরা সার্কাসের অনুমতি নিয়েছি। প্রতিদিন ওই তহবিলে ১০ হাজার করে টাকা দিতে হয়। এরই মধ্যে প্রশাসনের লোকজন অতিরিক্ত টাকা দাবি করেন। অতিরিক্ত টাকা দিতে অপারগতা জানালে জেলা প্রশাসক মঞ্চ ভেঙে দিতে ম্যাজিস্ট্রেট পাঠান। দর্শকদের মারপিট করেন তাঁরা। অথচ জেলায় ১০-১২টি স্থানে সার্কাস, যাত্রা, হাউজি ও জুয়া চললেও সেগুলো ভাঙা হচ্ছে না।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক।