সার্কাসের হাতির হামলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লারহাটে সার্কাসের হাতির হামলায় তিনজন নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে হাতিটি তিনটি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়।

নিহত তিনজন হলেন, মনোয়ারা বেগম (৪৫), কুসুম বিশ্বাস (৬১) ও মিজানুর রহমান ফকির (৪৫)।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার গুনাপাড়া এলাকায় ভোরে সার্কাসের হাতিটি নিয়ে মাহুত ঘুরতে বের হয়। হঠাৎ হাতিটি উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত হাতিটি মধুমতী নদী পার হয়ে মোল্লারহাটের উদয়পুর ইউনিয়নের গারফা গ্রামে ঢুকে পড়ে। ভোর সাড়ে পাঁচটার দিকে গ্রামে ঢুকে হাতিটি ভাঙচুর চালায়। এ সময় মনোয়ারা বেগমের ওপর হাতিটি হামলা চালায়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

গ্রামবাসী হাতিটিকে ধাওয়া করে। হাতিটি ছুটতে ছুটতে কাহালপুর ইউনিয়নের কাহালপুর গ্রামে যায়। সেখানে রাস্তা দিয়ে কুসুম বিশ্বাস যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাতিটি শুঁড় দিয়ে কুসুমকে ওপরে তুলে পা দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত হাতিটি এরপরে আড়জুড়ি ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের দিকে যায়। সেখানে মিজানুর রহমান ফকির নামে এক ব্যক্তি টিউবওয়েল থেকে পানি নিচ্ছিলেন। হাতিটি মিজানুরের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী মনির হোসেন মোল্লার ভাষ্য, সকাল সাতটার দিকে হাতিটি যখন ডাকতে ডাকতে দৌঁড়ে আসছিল তখন মিজান বাড়ির টিউবওয়েল থেকে পানি নিচ্ছিলেন। হাতিটি পেছন থেকে মিজানকে শুঁড় দিয়ে তুলে আছাড় দেয়। পেটে পা দিয়ে নাড়িভুঁড়ি বের করে দেয়। এ সময় হাতিটি টিউবওয়েলটিও শুঁড়ে পেঁচিয়ে তুলে আনার চেষ্টা করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাবাসী ও পুলিশ হাতিটিকে বাসাবাড়ি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের বাগানে ঘিরে রেখেছে।

হাতির মাহুত মো: ফারুকের ভাষ্য, হাতিটির মালিক সিলেটের শ্রীমঙ্গল এলাকার মতিয়ার রহমান। তাঁর আরও একটি পোষা স্ত্রী হাতি আছে। তিনি হাতি দুটি দেশের বিভিন্ন জায়গায় সার্কাস দলের কাছে ভাড়া দেন। স্ত্রী হাতিটি বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি সার্কাস দলের সঙ্গে আছে। গত সপ্তাহে প্রজননের জন্য পুরুষ হাতিটিকে গুনাপাড়ায় আনা হয়। তিনি বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে হাতিটি শেকল ছিঁড়ে মধুমতি নদী পার হয়ে গারফা গ্রামে ঢুকে পড়ে এবং এসব ঘটনা ঘটায়। খবর পেয়ে তিনি গিয়ে গ্রামবাসীর সহায়তায় হাতিটিকে শান্ত করার চেষ্টা করেন। হাতিটি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে তিনি দাবি করেন। হাতিটিকে শান্ত করতে তার সঙ্গী স্ত্রী হাতিটিকে ঘটনাস্থলে নিয়ে আনা হচ্ছে।


মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম হাতির হামলায় তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছেন। মাহুত হাতিটি সরিয়ে নিতে না পারলে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।