সার্কিট ব্রেকার বিকল, রংপুরে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া গ্রিড সাবস্টেশনে বিদ্যুৎ সঞ্চালনের দুটি সার্কিট ব্রেকার বিকল হওয়ায় গতকাল রোববার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রংপুরে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় নেমে আসে। এ অবস্থায় ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাসাবাড়ির লোকজনকে দুর্ভোগে পড়তে হয়।

গ্রিড কোম্পানিজ অব বাংলাদেশ (পিজিসিবি) রংপুর আঞ্চলিক কার্যালয় ও বিদ্যুৎ বিতরণ কার্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে বড়পুকুরিয়া গ্রিড সাবস্টেশনে দুটি সার্কিট ব্রেকার বিকল হয়ে পড়ে। এতে রংপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা কাজ করার পর দুটি সার্কিট ব্রেকারের মধ্যে একটি ঠিক করা হলেও তা দিয়ে পুরো বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হয়নি। এতে কোথাও দুই ঘণ্টা আবার কোথাও তিন ঘণ্টা এবং কোথাও এরও বেশি সময় ধরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না।

কাচারি বাজারের আদালত এলাকায় কম্পিউটার কম্পোজ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, এখানে শতাধিক কম্পিউটারের দোকান রয়েছে। আদালত এলাকা হওয়ায় এ স্থানে দিনের বেলায় ব্যবসা হয়ে থাকে। কিন্তু দিনভর বিদ্যুৎ না থাকায় একেবারেই ব্যবসা হয়নি।

শহরের মুন্সিপাড়ার গৃহিণী সুলতানা আক্তার বলেন, ফ্রিজের অনেক জিনিস নষ্ট হয়েছে। তবে পানি নিয়ে বড় সমস্যায় পড়তে হয়েছে।

এদিকে বিদ্যুতের এমন বিপর্যয়ে উৎপাদনশীল ও গুদামজাত কারখানাগুলো চালাতে নাজেহাল হয়ে পড়েছে মালিকপক্ষ। এসব প্রতিষ্ঠান চলছে জেনারেটর দিয়ে। সেই সঙ্গে ব্যবসা-বাণিজ্যেও অস্থিরতা নেমে আসে।

রংপুরের নর্থ বেঙ্গল জুট মিলের স্বত্বাধিকারী আবুল কাশেম বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় ডিজেল ব্যবহার করে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর দিয়ে কাজ করা হয়। এতে ব্যয় বেড়ে যায়।

রংপুরের শাহজালাল হিমাগারের স্বত্বাধিকারী মোছাদ্দেক হোসেন বলেন, জেনারটের দিয়ে হিমাগার চালানো হয়েছে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় না।

পিজিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী বলেন, দুটি সার্কিট ব্রেকার বিকল হওয়ায় এ সমস্যা দেখা দেয়।