সার্কিট ব্রেকারে বিস্ফোরণ, পুড়ে গেছে নিয়ন্ত্রণকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর কাটাখালী বিদ্যুৎ উপকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার সার্কিট ব্রেকার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে নিয়ন্ত্রণকেন্দ্র পুড়ে গেছে। ছাদ ফেটে গেছে। ভেতর থেকে একজন কর্মচারীকে জানালা ভেঙে বের করা হয়েছে। এ কারণে গতকাল সারা দিন রাজশাহী জুট মিল, চিনিকলসহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হয়নি।
নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাদের বিক্রয় বিতরণকেন্দ্র-৫-এর ১১ কেভি ইনকামিং-ওয়ান ও বাস সেকশন-ওয়ান বিস্ফোরিত হয়। একই সঙ্গে উপকেন্দ্রের ১০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমারের সার্কিট ব্রেকার এবং সি টি বিস্ফোরিত হয়। এতে উপকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এই কক্ষের ভেতরে সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট আবদুর রশিদ আটকা পড়েন। নিয়ন্ত্রণকক্ষের দরজার দিকে আগুন ছড়িয়ে পড়ায় তিনি দ্রুত ব্যাটারি কক্ষে ঢুকে পড়েন। তিনি ওই কক্ষের জানালা দিয়ে চিৎকার করে বাইরে লোকজনের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে লোকজন জানালা ভেঙে তাঁকে বের করে আনেন। আগুন নিয়ন্ত্রণে উপকেন্দ্রের ১১টি ড্রাই পাউডার সিলিন্ডার ব্যবহার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
সূত্র আরও জানায়, এই বিদ্যুৎকেন্দ্রটি বেশ পুরোনো। এর রক্ষণাবেক্ষণ করা জরুরি। সম্প্রতি কেন্দ্রটি সংস্কারেরও সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগেই এ দুর্ঘটনা ঘটল। এ উপকেন্দ্রের প্রায় ৫০ ফুটের মধ্যে রয়েছে ৫০ মেগাওয়াটের পিকিং পাওয়ার প্ল্যান্ট। দ্রুত ব্যবস্থা নেওয়ায় অল্পের জন্য এই প্ল্যান্টে আগুন ছড়াতে পারেনি। এ দুর্ঘটনার ফলে রাজশাহী জুট মিল, রাজশাহী চিনিকলে গতকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ছাড়া পার্শ্ববর্তী কাপাসিয়া ও দেওয়ানপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শুধু কাটাখালী বাজার ও দেওয়ানপাড়ার একাংশ ১ নম্বর বিতরণকেন্দ্রের সঙ্গে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়।
গতকাল রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ উপকেন্দ্রটি চালু করা সম্ভব হয়নি।
নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম গতকাল রাত ১০টায় প্রথম আলোকে বলেন, তাঁরা আশাবাদী, রাতের মধ্যেই উপকেন্দ্রটি চালু করতে পারবেন। প্রায় একই সময়ে ফোন করা হলে রাজশাহী জুট মিলের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী জিয়াউল হক বলেন, তাঁদের শ্রমিকেরা কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন।