সার্কে দুর্নীতি নিয়ন্ত্রণে আঞ্চলিক সহযোগিতার আহ্বান টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সুশাসন প্রতিষ্ঠা ও কার্যকর দুর্নীতি প্রতিরোধকে আঞ্চলিক সহযোগিতার সুনির্দিষ্ট লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আসন্ন শীর্ষ সম্মেলনের প্রাক্কালে টিআইবি এ আহ্বান জানায়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে টিআইবি এ কথা জানিয়েছে।
৫ নভেম্বর এক চিঠিতে টিআইবি দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণের জন্য সার্কের নেতাদের সঙ্গে একত্রে কাজ করতে আঞ্চলিক সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানায়। সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সই করা সেই চিঠির অনুলিপি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রসচিবকে দেওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ প্রতিনিধিদলকে আঞ্চলিক সহযোগিতা কর্মসূচি প্রণয়নকালে কিছু বিষয়ে গুরুত্ব দিতে বলছে টিআইবি। যেমন-সার্ক সদস্যভুক্ত দেশগুলোতে দুর্নীতিকে সর্বোচ্চ অধিকারভুক্ত চ্যালেঞ্জ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলছে টিআইবি।