সার্কে পর্যবেক্ষকদের ভূমিকা বাড়ানোর উদ্যোগ
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সাকর্কে আরও কার্যকর করতে এর নয় পর্যবেক্ষক দেশের ভূমিকা কী হবে, তা ঠিক করতে সার্ক দেশগুলোর পররাষ্ট্রসচিবেরা বৈঠক করবেন। আগামী সার্ক শীর্ষ সম্মেলনের আগে এ বৈঠকের আয়োজন করা হবে।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল বুধবার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।প্রসঙ্গত, ১১ নভেম্বর সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন শেষে এর ২০ দফার ঘোষণায় বলা হয়েছে, পর্যবেক্ষকদের সংলাপ অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা যাচাই করে দেখা হবে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, মিয়ানমার, মরিশাসের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে সার্কে পর্যবেক্ষক হিসেবে রয়েছে।এ প্রসঙ্গে মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, সার্কের কর্মকাণ্ডে পর্যবেক্ষকদের ভূমিকা কী হবে, তা ঠিক করতে দুই শীর্ষ সম্মেলনের ফাঁকে সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক হবে। ওই বৈঠকের প্রতিবেদন নেপালে অনুষ্ঠেয় অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনে উত্থাপন করা হবে। ১০ ও ১১ নভেম্বর মালদ্বীপের আদ্দু সিটিতে অনুষ্ঠিত সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।