সার্কে বাণিজ্য বাড়াতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের জন্য যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে হবে। গতকাল শুক্রবার ভারতে অনুষ্ঠিত পঞ্চম সার্ক বিজনেস লিডার কনক্লেভের প্রথম দিনের সমাপনী অধিবেশনে তোফায়েল আহমেদ বলেন, সার্কভুক্ত দেশগুলোতে পৃথিবীর মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ বাস করে। কিন্তু সার্কের দেশগুলোর ব্যবসা-বাণিজ্যের পরিমাণ খুবই কম। এক দেশের সঙ্গে অন্য দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য নৌপথ, রেলপথ ও সড়কপথে যোগাযোগ বাড়াতে হবে। বাণিজ্যমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, অর্থনৈতিক সম্পর্কের বিকাশ নিশ্চিত করতে হলে এ ধরনের যোগাযোগ বাড়াতে হবে। এ ব্যাপারে সার্ক ফোরামে অথবা দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করে যা যা করণীয়, তা করতে হবে। তোফায়েল আহমেদ বলেন, ‘ভারত একটি বড় দেশ, ভারতের বাজারও বিশাল। ভারতীয় বাজারে আমাদের পণ্য রপ্তানি সহজ করার জন্য ভারতকে উদ্যোগী হতে হবে। ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে করণীয় নির্ধারণ করতে হবে। পণ্য রপ্তানির ক্ষেত্রে যে সকল শুল্ক ও অশুল্ক বাধা রয়েছে, সেগুলো দূর করতে উদ্যোগ নিতে হবে।’
পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এর আগে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিজ্ঞপ্তি।