দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলো একটি অর্থনৈতিক ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে গত বৃহস্পতিবার সার্কের অর্থমন্ত্রীদের সপ্তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খবর দ্য স্টেটসম্যানের।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার অর্থমন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। এ সময় তাঁরা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন-সম্পর্কিত যৌথ বিষয়গুলো মতৈক্যের ভিত্তিতে করার অঙ্গীকার করেন।
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাফটা চুক্তির আওতায় অবাধ বাণিজ্য আরও গতিশীল করার ওপর জোর দিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। এ ছাড়া শুল্ক বিধিবিধানে সমন্বয়, শুল্কমুক্ত পণ্যের বিষয়ে সমন্বয়, বাণিজ্য সেবা ও আঞ্চলিক যোগাযোগের বিষয়েও আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
মুদ্রা বিনিময় চুক্তি ও সদস্যদেশগুলোর মুদ্রা বেচাকেনার বিষয়ে বৈঠক থেকে সুপারিশ করা হয় যে আর্থিকবিষয়ক আন্তসরকার বিশেষজ্ঞ পর্যায়ের পরবর্তী বৈঠকে এ-বিষয়ক প্রস্তাব যাচাই ও সুপারিশ করা হবে।
সার্কের অর্থমন্ত্রীদের পরবর্তী বৈঠক ২০১৬ সালে পাকিস্তানে অনুষ্ঠানের বিষয়েও সবাই সম্মত হন।